১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শনিবার | সন্ধ্যা ৭:১২
মুস্তাফিজকে নিয়ে বাংলাদেশকে যে পরামর্শ দিলেন ওয়ার্নার
খবরটি শেয়ার করুন:
56

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বরাত দিয়ে মুস্তাফিজুর রহমানকে খুব কাছ থেকে দেখা হয়েছে ডেভিড ওয়ার্নারের। সানরাইজার্স হায়দরাবাদে বাঁ-হাতি মুস্তাফিজের অধিনায়ক এই অজি ওপেনার। সে কারণেই ‘দ্য ফিজ’ এর শক্তি আর দূর্বলতার জায়গাগুলো জানা রয়েছে তার। অতি ব্যবহার কিংবা অপব্যবহার কোনোকিছুতে যেন ক্যারিয়ার শেষ না হয় মুস্তাফিজের, সেই পরামর্শটা দিয়ে গেলেন বাংলাদেশকে।

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষ টেস্টের তৃতীয় দিনের বুধবার খেলা শেষে সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছিলেন ওয়ার্নার। এদিন মুস্তাফিজের বলেই আউট হয়েছেন ১২৩ রানের ইনিংস খেলা ওয়ার্নার।

সংবাদ সম্মেলনে দিনের খেলা নিয়ে বিভিন্ন বিষয়ে কথা বলার এক পর্যায়ে মুস্তাফিজকে নিয়ে নিজের ভাবনার কথা বলেন অজি দলের সহ-অধিনায়ক। তিনি জানান, বাংলাদেশের উচিত হবে মুস্তাফিজের সঠিক ব্যবহার করা। দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ক্রিকেটারের সার্ভিস দীর্ঘদিন নিতে তাকে বিভিন্ন সময় ছাড় দেওয়া উচিত বলেও ভাবনা অজি ওপেনারের।

ওয়ার্নার বলেন, ‘আমার মতে সে (মুস্তাফিজ) খুব ভালো বোলার। বাংলাদেশের উচিত তার পরিচর্যা করা। যদি তুমি এক নম্বর স্ট্রাইক বোলার চাও, তোমাকে অবশ্যই তোমার দলের ফাস্ট বোলারদের দেখাশোনা করতে হবে। তোমাদের উচিত হবে টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি ক্রিকেটে মুস্তাফিজকে সমান গুরুত্ব দেওয়া। সে ব্যতিক্রমী প্রতিভা, ব্যতিক্রমী বোলার। সবচেয়ে বড় ব্যাপার, তাকে তিনটি ফরম্যাটেই কিংবা দুটি ফরম্যাটে খেলাতে হলে তাকে নিয়ে তোমাদের আলাদা করে কাজ করতেই হবে!’