মুন্সীগঞ্জে আ. লীগের মিছিলের অভিযোগে আটক ৩৫ কিশোরসহ ৩৭ জন কারাগারে
৬৫৬

মুন্সিগঞ্জ, ১৪ নভেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সীগঞ্জ শহরের ধলেশ্বরী নদীপাড়ের মোল্লারচর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে মিছিল করার অভিযোগে আটক ৩৫ কিশোরসহ ৩৭ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

আজ শনিবার (১৪ নভেম্বর) দুপুরে আটক ৩৫ কিশোরকে মুন্সীগঞ্জের শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে হাজির করা হলে বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

অন্যদিকে, বাকি চারজনকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আইরীন আক্তারের আদালতে হাজির করা হয়। আগামী ১৬ নভেম্বর জামিন শুনানির তারিখ ধার্য করে তাদেরও কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

গতকাল শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে ধলেশ্বরী নদীর তীরবর্তী মোল্লারচর এলাকা থেকে অভিযুক্তদের আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ৩টি ট্রলারে করে অভিযুক্তরা ধলেশ্বরী নদীর মোল্লারচরে নামে। এসময় ‘জয় বাংলা’ স্লোগান দেয় কয়েকজন। পরে তাদের আটক করে স্থানীয়রা। মুহুর্তেই সেখানে হাজির হয় স্থানীয় বিএনপি-ছাত্রদল নেতারা। কয়েকজনকে লাঠি দিয়ে মারধর ও জুতাপেটা করতে দেখা যায় নেহাল আহমেদ জিহাদ নামের এক যুবককে।

পরে সদর থানা পুলিশকে খবর দিলে তারা এসে অভিযুক্তদের থানায় নিয়ে যায়। রাতে গণমাধ্যমকর্মীদের সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তছলিম উদ্দিন জানান, আটককৃতদের মিছিলে থাকার প্রমাণ পাওয়া যায়নি। তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হবে।

এরপর থানার ভেতরে কয়েকজন অভিভাবককে ডেকে নেয় পুলিশ।

কিছুক্ষণের মধ্যেই অবস্থান বদলে যায়।

গণমাধ্যমকে পুলিশের পক্ষ থেকে বলা হয়, ধলেশ্বরী নদীতে অবস্থানরত লাইটার জাহাজে উঠে কর্মসূচি পালনের উদ্দেশ্য ছিলো আটককৃতদের। তাই এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে।

আজ শনিবার দুপুরে আটককৃতদের ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

পুলিশ জানায়, আটকদের মধ্যে ৩৩ জনের বয়স ১৪-১৭ বছর। বাকি চারজনের ১৮-১৯।

আটক ব্যক্তিদের কয়েকজনের স্বজনদের দাবি, তাদের সন্তানদের কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততা নেই। ছুটির দিনে ঘুরতে বের হয়ে তারা পরিস্থিতির শিকার হয়েছে। এমনকি আটকের পর তাদের ছাড়িয়ে নিতে সদর থানার সামনে স্বজনদের ভিড় ও আহাজারি করতে দেখা যায়।

মুন্সিগঞ্জ কোর্ট পুলিশের ইন্সপেক্টর মো. কামরুল ইসলাম মিঞা শুনানি শেষে অভিযুক্তদের কারাগারে প্রেরণের তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আদালতের নির্দেশে সকলকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এসময় আদালতের বিচারকদের নাম জানতে চাইলে তিনি বলতে অস্বীকৃতি জানান।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ