মুন্সিগঞ্জ ১ আসনে জামায়াত কর্মীর উপর বিএনপি প্রার্থীর সমর্থকদের হামলার অভিযোগ
মুন্সিগঞ্জ, ২৮ নভেম্বর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ ১ নির্বাচনী এলাকার শ্রীনগর উপজেলার পশ্চিম হাঁসাড়া আনসার ক্যাম্প-সংলগ্ন এলাকায় জামায়াত প্রার্থী অধ্যাপক এ কে এম ফখরুদ্দিন রাজীর পোষ্টার ছেড়াকে কেন্দ্র করে এক কর্মীর উপর হামলার অভিযোগ উঠেছে বিএনপি ঘোষিত প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে।
ভুক্তভোগী মো. দ্বীন ইসলাম (৬৪) আজ শুক্রবার (২৮ নভেম্বর) রাতে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে জামায়াত কর্মী দ্বীন ইসলাম তার দোকানে বসে ব্যবসা করছিলেন। এ সময় জুনায়েত (১২) নামের এক শিশু ও তার বন্ধু দোকানের পাশে সরকারি বিদ্যুৎের খুঁটিতে লাগানো জামায়াত প্রার্থীর পোস্টার ছিঁড়ছিল। দ্বীন ইসলাম তাদের বাধা দিলে পাশেই অপেক্ষমাণ শেখ আমিরুল (৩৫), মো. মুরসালিন শেখ (২৬), মাহিম (১৮), আল্লাদ (১৮)সহ অজ্ঞাত আরও ৫/৬ জন তার ওপর চড়াও হয়। তারা প্রথমে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। বাধা দিলে ক্ষিপ্ত হয়ে এলোপাথাড়ি কিল-ঘুষি ও লাঠি দিয়ে মারতে থাকেন।
বিশেষ করে মুরসালিন শেখ লাঠি দিয়ে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করলে বাড়িটি বাম কানে লেগে গভীর ফেটে যায় এবং রক্তক্ষরণ হয়।
পরে ভুক্তভোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নেন।
অভিযোগকারী দ্বীন ইসলাম জানান, “আমি শুধু পোস্টার ছেঁড়া বন্ধ করতে বলেছিলাম। তারা এই সামান্য কথায় আমাকে প্রায় মেরেই ফেলছিল। এখনো প্রাণের ভয়ে আছি।”
এ বিষয়ে জানতে চাইলে মুন্সিগঞ্জ ১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক এ কে এম ফখরুদ্দিন রাজী বলেন, ‘সামান্য বিষয় নিয়ে আমার কর্মীর উপর বিএনপি মনোনীত প্রার্থী শেখ আব্দুল্লাহর সমর্থকরা এ হামলা করেছেন। আমি এর সুষ্ঠু বিচার চাই।’
অভিযোগের বিষয়ে জানতে মুন্সিগঞ্জ ১ আসনে বিএনপির প্রার্থী শেখ মো. আব্দুল্লাহর সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


