মুন্সিগঞ্জ শহরে করোনা রোগীদের বিনামূল্যে অক্সিজেন সেবা দিচ্ছে ‘নাগরিক নিঃশ্বাস’
183

মুন্সিগঞ্জ, ২১ এপ্রিল, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

করোনায় আক্রান্ত অথবা অন্য কোন রোগে আক্রান্ত রোগীদের জরুরী প্রয়োজেন মুন্সিগঞ্জ জেলা শহরের বাসিন্দাদের জন্য বিনামূল্যে অক্সিজেন সেবা দিচ্ছে নাগরিক সমন্বয় পরিষদ ও একই বৃত্তে ২৫ নামের দুইটি সংগঠন। তাদের সহযোগীতা করছে দেশের বৃহৎ স্টিল কোম্পানী GPH ইস্পাত।

গতকাল মঙ্গলবার (২০ এপ্রিল) ৫০ টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে এ সেবার কার্যক্রম শুরু হয়। এর আগে গত রোববার (১১ এপ্রিল) সংগঠনের ৬০ জন স্বেচ্ছাসেবীকে অক্সিজেন সিলিন্ডার ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ দেন মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের করোনা চিকিৎসা ব্যবস্থাপনার প্রধান সমন্বয়ক ডা জুবায়ের ইসলাম।

এ বিষয়ে নাগরিক সমন্বয় পরিষদের আহবায়ক সুজন হায়দার জনি জানান, আমরা এ সমন্বিত সেবাটির নাম দিয়েছি ‘নাগরিক নিঃশ্বাস’। মুন্সিগঞ্জ পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ৩ জন সদস্য নিয়ে আমরা কমিটি করেছি। যাতে কোথাও কোন করোনা আক্রান্ত রোগীর অক্সিজেন প্রয়োজন হলে আমরা সাথে সাথে সেটা জানতে পারি এবং সেবাটা তাদের হাতের নাগালে পৌছে দিতে পারি। এছাড়া সেবার কার্যক্রম তদারিক করতে ৩ জন ডাক্তারের সমন্বয়ে ইমারজেন্সি অক্সিজেন সেবা রেসপন্স টিমও গঠন করেছি আমরা।

যেভাবে পাওয়া যাবে বিনামূল্যের এই সেবা

অক্সিজেন সিলিন্ডার গ্রহণের ক্ষেত্রে একটি ফরম পূরণ করে এবং জাতীয় পরিচয় পত্রের ফটোকপি জমা দিয়ে অক্সিজেন সিলিন্ডার গ্রহণ করতে হবে। অক্সিজেন সিলিন্ডারের অপব্যবহার রোধ করতে ফরমটিতে ওয়ার্ড ভিত্তিক দায়িত্বে থাকা সেচ্ছাসেবকদের সুপারিশ লাগবে। ডাক্তারের চিকিৎসা ব্যবস্থাপত্রে অক্সিজেন ব্যবহারের নির্দেশনা থাকলেই শুধুমাত্র (কোভিড/নন কোভিড) সেই রোগীর জন্য অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করা হবে। মনে রাখতে হবে এই সেবাটি একটি আপদকালীন জরুরী সেবা। একজন রোগীর জন্য সর্বোচ্চ ৪৮ ঘন্টা এই অক্সিজেন সিলিন্ডার ব্যবহারের সুযোগ থাকবে। অক্সিজেন সিলিন্ডার ব্যবহারের সময় অধিক যত্নশীল হতে হবে। কোনরূপ ক্ষতিসাধন করা যাবে না।

অক্সিজেন আনা-নেওয়ার সময় তাদের সেচ্ছাসেবকদের সাথে সার্বিক সহযোগিতা করতে হবে। অক্সিজেন সিলিন্ডারটি নিরাপদ স্থানে ব্যবহার করতে হবে। আগুন বা যে কোন ধরনের স্প্রে জাতীয় দ্রব্য সিলিন্ডার থেকে নিরাপদ দুরত্বে রাখতে হবে। এই সেবাটি সম্পুর্ন বিনামূল্যে প্রদান করা হবে।

নাগরিক সমন্বয় পরিষদের আহবায়ক সুজন হায়দার জনি জানান, আপাতত শুধুমাত্র মুন্সিগঞ্জ পৌরসভা এলাকায় এই সেবাটি প্রদান করা হবে। এরপরে বিশেষ প্রয়োজনে জেলার অন্য উপজেলাগুলোতেও কিভাবে আমরা সেবাটিকে বিস্তৃত করা যায় সেটি নিয়ে কাজ করবো। আমাদের মূল উদ্দেশ্যই হলো মানুষের প্রয়োজনে পাশে দাড়ানো।

করোনাকালীন অক্সিজেন সেবা ‘নাগরিক নিঃশ্বাস’ এর যোগাযোগ নাম্বার- আবু সাত্তার মুন্সী- 01854662095, বিল্লাল হোসেন হীরা- 01971428272, মিষ্টি তালুকদার- 0194286288৭।