মুন্সিগঞ্জ থেকে এনআইডি বানিয়ে নারায়ণগঞ্জে পাসপোর্ট করতে গিয়ে ধরা পড়ল রোহিঙ্গা যুবক
মুন্সিগঞ্জ, ১ ডিসেম্বর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে আজ সোমবার দুপুরে বায়োমেট্রিক যাচাইয়ের সময় ভুয়া পরিচয়ে পাসপোর্ট করতে আসা রোহিঙ্গা যুবক আজিজ খান আটক হয়েছেন। তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পাসপোর্ট কর্তৃপক্ষ জানায়, আজিজ খান নিজেকে “আব্দুল আজিজ” (২৫) নামে পরিচয় দেন। বাবার নাম হাজী নজিবুল্লাহ, মায়ের নাম শুকরা বেগম এবং বর্তমান ঠিকানা দেখান মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা গ্রাম। তিনি চলতি বছরের ১৬ সেপ্টেম্বর এই ঠিকানায় জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করেছিলেন। স্থায়ী ঠিকানা দেখিয়েছিলেন চট্টগ্রামের চন্দনাইশে।
কিন্তু বায়োমেট্রিক স্ক্যানের সঙ্গে সঙ্গেই বেরিয়ে আসে তার প্রকৃত পরিচয়। তিনি ২০১৮ সালের ২ ফেব্রুয়ারি বাংলাদেশে প্রবেশ করা রোহিঙ্গা শরণার্থী আজিজ খান। তার রোহিঙ্গা রেফারেন্স নম্বর 10820180410081935, জন্ম তারিখ ২০০১ সালের ৫ জানুয়ারি, পিতা সালামত খান।
তদন্তে দেখা গেছে, তার দেখানো বাবা-মা হাজী নজিবুল্লাহ ও শুকরা বেগম নামের দুজনের এনআইডিও চলতি বছরের ১৪ সেপ্টেম্বর তৈরি করা হয়েছে-যা সম্পূর্ণ ভুয়া।
নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক শামীম আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আজিজ খান স্বীকার করেছেন, তিনি রোহিঙ্গা। মুন্সিগঞ্জ থেকে ১৮ হাজার টাকার বিনিময়ে ভুয়া এনআইডি সংগ্রহ করেছেন। আমরা প্রতিটি আবেদন শতভাগ যাচাই করি। বায়োমেট্রিকে তার আসল পরিচয় ধরা পড়ার পরই তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
তিনি আরও বলেন, এ ধরনের পরিকল্পিত জালিয়াতির পেছনে সংগঠিত দালালচক্র রয়েছে বলে আমাদের ধারণা। রোহিঙ্গারা ভুয়া এনআইডি দিয়ে বিদেশে যাওয়ার চেষ্টা করছে-এটা রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য বড় হুমকি। আমরা এ ব্যাপারে আরও কঠোর হচ্ছি।
আটক আজিজ খানকে জিজ্ঞাসাবাদের জন্তে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। দালালচক্রের সন্ধানে তদন্ত শুরু হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।


