১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | সকাল ১০:৩৬
মুন্সিগঞ্জে ৫০ হাজার টাকার হেরোইন পাচারের সময় নারীকে ধরলো সেনাবাহিনী
খবরটি শেয়ার করুন:
162

মুন্সিগঞ্জ, ২২ আগস্ট ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদরে আনুমানিক ৫০ হাজার টাকা মূল্যের ৫ গ্রাম হেরোইনসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে সেনাবাহিনী। বোরকা পরিহিত ওই নারী কৌশলে শরীরে হেরোইন বহন করে পাচার করছিলেন।

আজ শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে সিপাহীপাড়া চৌরাস্তা এলাকায় তল্লাশী অভিযান করে ৯৯ কম্পোজিট ব্রিগেড এর অধীনে ১৯ বীর, মুন্সিগঞ্জ সেনা ক্যাম্পের সদস্যরা।

এসময় মাদক ব্যবসায়ী মোসা. আসমা বেগমকে (৩৬) সন্দেহ হলে তার বোরকার ভেতরে থাকা কসটেপ দিয়ে পেচানো একটি ব্যাগ খুলে দেখা যায় সেখানে হিরোইন রয়েছে। পরে সেনাবাহিনীর জিজ্ঞাসাবাদে ওই নারী পাচারের উদ্দেশ্যে হেরোইন বহনের কথা স্বীকার করেন।

আসমা মিরকাদিম পৌরসভার কালিন্দিপাড়া এলাকার মো. মহসিনের স্ত্রী।

মুন্সিগঞ্জ আর্মি ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। সেখানে আরও বলা হয়, আটককৃত নারী সদর উপজেলায় অবৈধ মাদক ব্যবসায়ী হিসেবে চিহ্নিত, এছাড়াও তার নামে পূর্বে টংগিবাড়ি থানায় অবৈধ মাদক আইনের মামলা রয়েছে। হেরোইন উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।