১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | দুপুর ২:৩৬
মুন্সিগঞ্জে ৪ আগস্ট হ.ত্যা মামলার দুই আসামির ‘নজিরবিহীন’ জামিন
খবরটি শেয়ার করুন:
74

মুন্সিগঞ্জ, ২৩ সেপ্টেম্বর ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

গত ৪ আগস্ট মুন্সিগঞ্জ শহরের সুপারমার্কেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশ ও আওয়ামী লীগ-ছাত্রলীগের প্রতিরোধের মুখে অংশ নিয়ে নিহত সজল মোল্লা ও ‍নুর মোহাম্মদ ওরফে ডিপজল হত্যা মামলার গ্রেপ্তারকৃত দুই আসামিকে জামিন দিয়েছেন আদালত। পুলিশ ওই দুই আসামির রিমান্ড আবেদন করেছিলো।

হত্যা মামলার আসামিদের রিমান্ড মঞ্জুর না করে সরাসরি জামিনের আদেশ দেয়ার ঘটনাকে ‘নজিরবিহীন’ হিসাবে মন্তব্য করেছেন আদালতে কর্মরত বিএনপিপন্থী কয়েকজন আইনজীবি।

আজ সোমবার দুপুরে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান এই আদেশ দেন।

জামিনপ্রাপ্তরা হলেন, নুর মোহাম্মদ ওরফে ডিপজল হত্যা মামলার এজাহারনামীয় আসামি সদর উপজেলার রামপাল ইউনিয়নের শাখারিবাজার এলাকার হাফিজুল ইসলামের পুত্র ছাত্রলীগ কর্মী মাহমুদুল হাসান রাহিম (২৮) ও সজল মোল্লা হত্যা মামলায় গ্রেপ্তারকৃত সন্দেহভাজন আসামি শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়নের বৈচারপাড় এলাকার মৃত আব্দুল বাছেদ মোল্লার পুত্র ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।

রিয়াজুল ফরাজী হত্যা মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার সাব ইন্সপেক্টর এনামুল হক মন্ডল জানান, জামিন পেলেও ওই দুই আসামি এখনই কারামুক্ত হচ্ছেন না। তাদের মধ্যে রাহিমকে সজল মোল্লা হত্যা মামলায় ও জাহাঙ্গীর আলমকে রিয়াজুল ফরাজী হত্যা মামলায় শোন অ্যারেস্ট (আগাম গ্রেপ্তার) দেখিয়ে কারাগারেই রাখা হয়েছে।

এদিকে জামিন প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপিপন্থী কয়েকজন আইনজীবি আমার বিক্রমপুর কে বলেন, এজাহারনামীয় আসামি রাহিমের বিষয়ে প্রাথমিক তথ্য পেয়ে আরও অধিকতর তদন্তের জন্য তদন্ত কর্মকর্তা আদালতের কাছে রিমান্ড আবেদন করেন। জাহাঙ্গীর আলমের ক্ষেত্রেও তাই। কিন্তু রিমান্ড না দিয়ে সরাসরি হত্যা মামলার আসামিদের জামিন দিয়ে দেয়া ‘নজিরবিহীন ঘটনা’। এই একই বিচারক ৫ আগস্টের আগে বিএনপির বিরুদ্ধে গায়েবি মামলার সন্দেহভাজন, অসুস্থ, বৃদ্ধ আসামিদেরও জামিন দেননি। তাদেরও রিমান্ড অথবা কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। এখন এত বড় একটা ঘটনা, সেই ঘটনার হত্যা মামলার এজাহারভুক্ত আসামিদের সরাসরি জামিন দিয়ে দেয়া প্রশ্নের সৃষ্টি করে।