মুন্সিগঞ্জে ২৩ প্রার্থীর মধ্যে নারী মাত্র ১ জন: নির্বাচনী লড়াইয়ে একা রোকেয়া আক্তার
মুন্সিগঞ্জ, ৩০ ডিসেম্বর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে মোট ২৩ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মনোনয়নপত্র দাখিলের সময়সীমা শেষে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রকাশিত তালিকায় দেখা গেছে, বিপুল সংখ্যক পুরুষ প্রার্থীর ভিড়ে নারী নেতৃত্বের উপস্থিতি একেবারেই নগণ্য। পুরো জেলায় ২৩ জন প্রার্থীর মধ্যে একমাত্র নারী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন রোকেয়া আক্তার।
জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, রোকেয়া আক্তার মুন্সিগঞ্জ-১ (শ্রীনগর ও সিরাজদিখান) আসন থেকে ‘ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ’ নামের রাজনৈতিক দলের হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তার ঠিকানা সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের মাদবর বাড়ি এলাকায়।
জেলার বাকি দুটি আসন অর্থাৎ মুন্সিগঞ্জ-২ (লৌহজং-টংগিবাড়ী) এবং মুন্সিগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে কোনো রাজনৈতিক দল বা স্বতন্ত্র থেকে কোনো নারী প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি। ফলে জেলার ৩টি আসনে মোট ১৪ লাখ ২০ হাজার ৬১৪ জন ভোটারের মধ্যে অর্ধেকই নারী হওয়া সত্ত্বেও নির্বাচনী লড়াইয়ে একমাত্র নারী হিসেবে একা লড়ছেন রোকেয়া আক্তার।
এবারের নির্বাচনে মুন্সিগঞ্জ-১ আসনে ৭ জন, মুন্সিগঞ্জ-২ আসনে ৭ জন এবং মুন্সিগঞ্জ-৩ আসনে ৯ জন সম্ভাব্য প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন। পুরুষ প্রার্থীদের এই আধিক্যের মধ্যে রোকেয়া আক্তারের অংশগ্রহণ জেলার নির্বাচনী আলোচনায় এক নতুন মাত্রা যোগ করেছে।
এখন দেখার বিষয়, হেভিওয়েট পুরুষ প্রার্থীদের মোকাবিলা করে নির্বাচনী বৈতরণী পার হতে ইনসানিয়াত বিপ্লবের এই একমাত্র নারী প্রার্থী কতটা সফল হন। মনোনয়নপত্র যাচাই-বাছাই ও প্রত্যাহারের প্রক্রিয়া শেষে চূড়ান্ত লড়াইয়ে তিনি টিকে থাকছেন কি না, সেদিকেই নজর রাখছেন জেলার সচেতন ভোটাররা।
ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের সময়সীমা শেষ হওয়ার পর এখন শুরু হচ্ছে যাচাই-বাছাইয়ের কাজ। ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি ২০২৬ পর্যন্ত চলবে মনোনয়নপত্র বাছাই। এরপর বাছাইয়ে বাতিল হওয়া প্রার্থীদের আপিল শুনানি চলবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২০ জানুয়ারি এবং তার পরের দিন অর্থাৎ ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রতীক পাওয়ার পর প্রার্থীরা ২২ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবেন যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল পর্যন্ত। সবশেষে আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে সারা দেশের ন্যায় মুন্সিগঞ্জের ভোটাররাও তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।


