মুন্সিগঞ্জে ১৫ আগস্টে একই জায়গায় বিএনপির দুই পক্ষের কর্মসূচি ঘিরে উত্তেজনা
মুন্সিগঞ্জ, ১৪ আগস্ট ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
আগামীকাল শুক্রবার ১৫ আগস্ট মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় একই স্থানে ও একই সময়ে বিএনপির বিবদমান দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। শেষ পর্যন্ত কর্মসূচিগুলো হবে কি না তা নিয়েও সন্দেহ তৈরি হয়েছে নেতাকর্মীদের মাঝে।
জানা গেছে, মুন্সিগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মমিন আলীর এলাকা কোলাপাড়া ইউনিয়নে।
কাল বিকাল ৪টায় ইউনিয়নের দক্ষিণ পাইকশা পূর্ব পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মাদ্রাসা প্রাঙ্গণে ১৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া-মাহফিল কর্মসূচির ডাক দিয়েছেন মমিন আলী পক্ষের উপজেলা যুবদলের সদস্য বিপ্লব হোসেন নাঈম।
অন্যদিকে একই স্থান ও সময়ে একই উদ্দেশ্যে পাল্টা কর্মসূচি ঘোষণা করেছেন মুন্সিগঞ্জ-১ আসনে বিএনপির আরেক মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ পক্ষের ইউনিয়ন বিএনপি’র সভাপতি কায়েস উদ্দিন।
এ প্রসঙ্গে জানতে চাইলে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হুদা খান আজ সকালে জানান, আমার টেবিলে মমিন আলী পক্ষের একটি চিঠি পেয়েছি। পরে তাদের সাথে আমি কথা বলেছি- যেহেতু ১৫ আগস্ট একটি স্পর্শকাতর দিন। সেখানে দুই পক্ষ মুখোমুখি হলে এ ধরনের কর্মসূচির অনুমতি দেয়ার সুযোগ নেই।
তিনি বলেন, গতকাল রাত পর্যন্ত শেখ আব্দুল্লাহ গ্রুপের কোন চিঠি আমার থানায় বা জেলা পুলিশের কাছে যায়নি। তবে মনে হয়- কর্মসূচিগুলো হওয়ার সম্ভাবনা নেই।


