১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
শনিবার | সকাল ৯:১৪
মুন্সিগঞ্জে হেফাজত নেতা আব্দুল হামিদের সহযোগী আটক
খবরটি শেয়ার করুন:
89

মুন্সিগঞ্জ, ২০ এপ্রিল, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার মধুপুর মাদ্রাসার পরিচালক ও পীর আব্দুল হামিদের সহযোগী আবদুল মতিনকে (৫২) কেরাণীগঞ্জের আব্দুল্লাহপুর থেকে আটক করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুরে তাকে ভার্চুয়াল আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। এর আগে সোমবার (১৯ এপ্রিল) রাত ৮টার দিকে তাকে সিরাজদিখান থানা পুলিশ গ্রেপ্তার করে। আটক মতিন সিরাজদিখানের মধুপুর গ্রামের মৃত আবদুর রহমানের ছেলে।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. কামরুজ্জান জানান, ‘গ্রেপ্তারকৃত আবদুল মতিন সিরাজদিখানের মধুপুর মাদ্রাসার পরিচালক ও হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমির আব্দুল হামিদের ঘনিষ্ঠ সহযোগী। তিনি হেফাজতের কোনো পদে আছেন কি না তা জানা যায়নি।’

আজ তাকে ভার্চুয়াল আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাওয়া হবে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘পুলিশের উপর হামলা ও আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িতে ভাঙচুর-লুটের মামলায় অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছে।’

থানা সূত্রে জানা যায়, গত ২৮ মার্চ হেফাজতের ডাকা হরতালের দিন মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজানগর ইউনিয়নে আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়ি-ঘর ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাটের ঘটনায় সিরাজদিখান থানায় ৯টি মামলা হয়েছে। সবকয়টি মামলার এজাহার নামীয় আসামি আবদুল মতিন।

এছাড়া পুলিশের উপর হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে আরও একটি মামলা দায়ের করে। ১০টি মামলায় কয়েক হাজার লোককে আসামী করা হলেও এ পর্যন্ত পুলিশ ১৫ জনকে গ্রেপ্তার করতে পেরেছে।