মুন্সিগঞ্জে হা.মলা.য় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় সদস্য জ.খম
মুন্সিগঞ্জ, ২৪ অক্টোবর ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় সদস্য কলেজ শিক্ষার্থী অমিত হাসানের (১৯) উপর হামলার ঘটনা ঘটেছে। এতে ওই শিক্ষার্থী গুরুতর জখম হয়েছেন।
পরে খবর পেয়ে ছুটে গেলে দুবৃত্তদের হামলায় আহত হন আরও ৩ শিক্ষার্থী। তারা হলেন- সরকারি হরগঙ্গা কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফারদিন হাসান আবির (২৪), বুলবুল আহমেদ রাজ (২৪), ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ফাহিম মুনতাসির নোমান (২৪)। মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
গতকাল বুধবার রাত ১১টার দিকে পঞ্চসার ইউনিয়নের মালির পাথর এলাকায় হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত শিক্ষার্থী অমিত বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
অমিত একই এলাকার ইব্রাহিম ভুইয়ার পুত্র। চলতি বছর মুন্সিগঞ্জ কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হন তিনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে মুন্সিগঞ্জে যেসকল কর্মসূচি হয়েছে তাতে সক্রিয়ভাবে অংশ নিতে দেখা গেছে অমিতকে। পাশাপাশি স্বেচ্ছাসেবী যুব সংগঠন বিডি ক্লিন মুন্সিগঞ্জের সমন্বয়কের দায়িত্বে আছেন তিনি।
আহত অমিতের বরাত দিয়ে তার স্বজন মেহেদি হাসান শান্ত সকালে আমার বিক্রমপুর কে বলেন, মালির পাথর প্রাথমিক বিদ্যালয়ের পাশে কুকুরকে খাবার দেয়ার জন্য গেলে সেখানে ৪-৫জন লোক দেখতে পান অমিত। লোকগুলো পূর্বপরিচিত এবং স্থানীয়। পরে তাদের সাথে অমিতের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করে অমিতকে ফেলে চলে যায় তারা।
তিনি বলেন, আহত অমিতের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অমিতের পিঠের নিচে কিডনির পাশে ছুরিকাঘাতে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেও এখনো পুরোপুরি আশঙ্কামুক্ত না সে।
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, রাতে খবর পাওয়ার সাথে সাথে সেনাবাহিনী, পুলিশ ও ডিবির সদস্যরা ঘটনাস্থলে যায়। এ ঘটনায় জড়িতদের দ্রুত আটক করা হবে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।







