মুন্সিগঞ্জে স্বতন্ত্র হিসাবে নির্বাচনে অংশ নিতে চাওয়া বিএনপির দুই নেতার মনোনয়ন বাতিল
মুন্সিগঞ্জ, ১ জানুয়ারি ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ-১ আসন (সিরাজদিখান-শ্রীনগর) থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়ন জমা দিয়েছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোমিন আলি।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন যাচাই-বাছাইয়ে তাদের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সৈয়দা নুরমহল আশরাফী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, প্রবাসী-মৃত ভোটারদের তথ্য সম্বলিত ভোটার তালিকা সরবরাহ করায় যাচাই-বাছাইয়ে তাদের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।
তবে, তারা আপিল করার সুযোগ পাবেন।
জানা যায়, মুন্সিগঞ্জ-১ আসনে নির্বাচনে অংশ নিতে সর্বমোট ৭ জন প্রার্থী মনোনয়ন জমা দেন। এর মধ্যে বিএনপি প্রার্থী শেখ মো. আব্দুল্লাহ, জামায়াতে ইসলামীর প্রার্থী এ কে এম ফখরুদ্দিন রাজী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি আব্দুর রহমান, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী রোকেয়া আক্তার, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আতিকুর রহমান খানের মনোনয়ন বৈধ হিসেবে ঘোষণা করা হয়েছে।
প্রসঙ্গত; বাংলাদেশের বিদ্যমান নির্বাচনি আইন এবং গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২ অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র হিসেবে অংশ নিতে হলে একজন প্রার্থীকে সংশ্লিষ্ট নির্বাচনি এলাকার মোট ভোটারের ১ শতাংশ (১%) ভোটারের সমর্থন-সংবলিত স্বাক্ষর মনোনয়নপত্রের সাথে জমা দিতে হয়। মুন্সিগঞ্জ ১ আসনে মোট ভোটারের সংখ্যা ৫ লাখ ৪৫ হাজার ৫১৮।


