১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | দুপুর ১২:১৯
মুন্সিগঞ্জে সেনাবাহিনীর অভিযানে অটোরিকশা ছিনতাই ও মাদক ব্যবসায়ী চক্রের ৩ সদস্য আটক
খবরটি শেয়ার করুন:
243

মুন্সিগঞ্জ, ১৩ জানুয়ারি ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

​মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার গোয়ালিমান্দ্রা এলাকায় সেনাবাহিনী এক বিশেষ অভিযান পরিচালনা করে অটোরিকশা ছিনতাই ও মাদক ব্যবসায়ী চক্রের তিন সদস্যকে আটক করেছে।

আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীনে মুন্সিগঞ্জ সদর আর্মি ক্যাম্প এই অভিযান চালায়।

আটককৃত ব্যক্তিরা হলেন— শরিফুল ইসলাম (২৭), মো. মুনসুর (৩৭) এবং মো. আমান-উল্লাহ সরদার (২১)। তারা ওই এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী চক্রের সদস্য হিসেবে পরিচিত।

​অভিযানে আটককৃতদের কাছ থেকে ছিনতাইকৃত ৪টি অটোব্যাটারি ও ৪টি বাইসাইকেল উদ্ধার করা হয়। এছাড়া তাদের হেফাজত থেকে ৪৫ পিস ইয়াবা, দেড় কেজি গাঁজা, ৩ প্যাকেট হিরোইন এবং ১৫০টি শনাক্তহীন মাদক উদ্ধার করা হয়েছে। তল্লাশিকালে মাদক বিক্রির নগদ ১৭ হাজার ৮৮৪ টাকাও জব্দ করেন সেনা সদস্যরা।

মুন্সিগঞ্জ আর্মি ক্যাম্পের অপারেশন অফিসার জানান, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে অপরাধমূলক কর্মকাণ্ড ও নাশকতা রোধে সেনাবাহিনী বিশেষ অভিযান চালিয়ে আসছে। এই চক্রটি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা এবং চুরির সাথে জড়িত ছিল। আটককৃত সদস্য ও উদ্ধারকৃত সামগ্রী পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য এরই মধ্যে লৌহজং থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

​জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকের বিরুদ্ধে সেনাবাহিনীর এই কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে যেকোনো সন্দেহজনক কার্যকলাপের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্পে প্রদানের জন্য আহ্বান জানিয়েছে সেনাবাহিনী।