মুন্সিগঞ্জে মেলা বন্ধের দাবিতে উলামায়ে কেরামের সংবাদ সম্মেলন, কাল মানববন্ধন
৩৮৪

মুন্সিগঞ্জ, ২৯ অক্টোবর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীর পাড়ে প্রস্তাবিত মেলা বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার উলামায়ে কেরাম।

মেলার আড়ালে জুয়া, মাদক ও অনৈতিক কর্মকাণ্ড ছড়িয়ে পড়ার আশঙ্কা জানিয়ে অবিলম্বে মেলা বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন তাঁরা। দাবি মানা না হলে শুক্রবার মানববন্ধনসহ পরবর্তী সময়ে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন আলেমরা।

আজ বৃহস্পতিবার বাদ মাগরিব উপজেলার গজারিয়া হাইওয়ে রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

গজারিয়া উপজেলার উলামায়ে কেরামের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন মুফতি ফয়জুল্লাহ।

এতে সভাপতিত্ব করেন শায়খুল হাদিস আল্লামা হাসান ফারুক (দা.বা.) এবং সঞ্চালনা করেন মুফতি মইন আহমদ।

সংবাদ সম্মেলনে স্থানীয় উলামায়ে কেরাম ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন মাওলানা হোসাইন আহমদ ইসহাকী, মুফতি নুরুল আলম ইসহাকী, মাওলানা বেলাল হোসাইন, মাওলানা সাইফুল ইসলাম সাইফী ও মুফতি আব্দুল্লাহ মাহবুব কাসেমীসহ উপজেলার বিভিন্ন মসজিদের খতিব এবং গণ্যমান্য ব্যক্তিরা।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সামাজিক অবক্ষয় রোধ, মাদক প্রতিরোধ এবং শিক্ষার্থীদের পড়াশোনার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে মেঘনা নদীর পাড়ে মেলা আয়োজন বন্ধ করা প্রয়োজন। তাঁদের আশঙ্কা, মেলার আড়ালে জুয়া, মাদকসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের বিস্তার ঘটতে পারে। এতে তরুণ প্রজন্মের ওপর নেতিবাচক প্রভাব পড়ার পাশাপাশি এলাকার সামাজিক পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।

বক্তারা আরও বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মেঘনা নদীর পাড় একটি গুরুত্বপূর্ণ এলাকা। সেখানে মেলা আয়োজনের ক্ষেত্রে সম্ভাব্য ঝুঁকি ও সামাজিক প্রভাব গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।

সভাপতির বক্তব্যে শায়খুল হাদিস আল্লামা হাসান ফারুক বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মেঘনা নদীর পাড়ে এরকম গুরুত্বপূর্ণ জায়গায় অশ্লীল কোনো কাজ আমরা সমর্থন করি না। মেলার আড়ালে এখানে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড হওয়ার আশঙ্কা রয়েছে, যা এলাকার সামগ্রিক পবিত্রতা নষ্ট করবে। আমি মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন সাহেবের প্রতি আবেদন করছি, আপনি মেলার কার্যক্রম বন্ধ করার ব্যবস্থা করুন।

তিনি আরও বলেন, এলাকার পরিবেশ ও তরুণ প্রজন্মের ভবিষ্যতের কথা বিবেচনা করে মেলা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।

সংবাদ সম্মেলনে বক্তারা জানান, তাঁদের দাবি মেনে মেলার কার্যক্রম বন্ধ করা না হলে শুক্রবার মানববন্ধন করা হবে। এরপরও দাবি বাস্তবায়ন না হলে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তাঁরা।

এ বিষয়ে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নকীব আকরাম হোসেন বলেন, স্থানীয় উলামায়ে কেরাম আমার কাছে এসেছিলেন। তাঁরা একটি আবেদন দিয়েছেন। তবে এখনো তো মেলা শুরু হয়নি। বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ