মুন্সিগঞ্জে মা-মেয়েকে কুপিয়ে নয়, খুন করা হয়েছে ‘ভারি বস্তু’ দিয়ে: সিআইডি
মুন্সিগঞ্জ, ১৯ জানুয়ারি ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখানে মা ও মেয়েকে হত্যার ঘটনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহ শেষে সিআইডি ঢাকার ইন্সপেক্টর মো. সাইদুর রহমান বলেছেন, ‘নিহত দুইজনেরই মাথায় আঘাত এবং আঘাতটা ভারি কিছু দিয়ে। তবে চাকু বা ধারালো কিছু নয়। জবাই করা বা কুপিয়ে হত্যার তথ্য সঠিক নয়। ভারি ভোতা অস্ত্র যেমন- কাঠ বা ভারি লোহাও হতে পারে।’
সোমবার রাতে জানতে চাইলে তিনি এসব কথা বলেন।
সিআইডির এই কর্মকর্তা বলেন, আমরা আলামত সংগ্রহ করে স্থানীয় থানা পুলিশের কাছে হস্তান্তর করেছি। পরবর্তী আইনি ব্যবস্থা তারাই নিবে।
পুলিশ জানায়, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজানগর ইউনিয়নের ভাড়ারিয়া গ্রামের নুরুজ্জামান সরকারের ভাড়াটিয়া বসতঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় মা আমেনা বেগম (৩৫) ও মেয়ে মরিয়ম আক্তারের (৫) মরদেহ দেখতে পায় পুলিশ। পরে অধিকতর তদন্তের জন্য ঘটনাস্থলে যায় পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাসহ র্যাব ও সিআইডির কর্মকর্তারা। বিকালে মরদেহ উদ্ধার করে প্রেরণ করা হয় মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে।
স্বজনরা জানান, নিহত আমেনা বেগম স্থানীয় বাসাবাড়িতে গৃহশ্রমিকের কাজ করতেন। তার স্বামী মিজান মিয়া পৈত্রিক সূত্রে বরিশালে দিনমজুরের কাজ করেন। গতকাল স্বামী বাড়িতেও এসেছিলেন। এরপর বাজার করে দিয়ে ফিরে যান। আজ সারাদিন তাকে ফোনে পাওয়া যায়নি।
মুন্সিগঞ্জ পুলিশ সুপার মো. মেনহাজুল আলম বলেন, খবর পাওয়ার পরই ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভুক্তভোগীদের ঘর থেকে একটি রক্তাক্ত ভারি কাঠের ডাসা উদ্ধার হয়েছে। আশা করছি খুব দ্রুত এ ঘটনায় জড়িত যে বা যারা তাদের সনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হবে। আমরা গুরুত্বের সাথেই কাজ করছি।


