মুন্সিগঞ্জে মার্কেটের ছাদে গাঁজা চাষ করতেন বৃদ্ধ, পালানোর সময় ধরলো পুলিশ
মুন্সিগঞ্জ, ২ জুলাই ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের টংগীবাড়ী উপজেলায় একটি মার্কেট ভবনের ছাদে অবৈধভাবে গাঁজা গাছ রোপণ ও পরিচর্যার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে সোনারং ইউনিয়নের সোনারং চৌরাস্তা সংলগ্ন কাজী পয়েন্ট মার্কেটের একতলা ভবনের ছাদে অভিযান চালানো হয়।
পুলিশের দাবি, তাদের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।
পরে তার দেওয়া চাবি দিয়ে ভবনের ছাদে প্রবেশ করে একটি প্লাস্টিকের টবে রোপণ করা আনুমানিক ৩ ফুট ৬ ইঞ্চি উচ্চতার একটি জীবিত গাঁজা গাছ উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আনিছ মিজি (৫৮) টংগীবাড়ী উপজেলার মধ্য সোনারং এলাকার বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি গাঁজা গাছটি নিজেই রোপণ ও পরিচর্যা করছিলেন বলে স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৮(ক) ধারায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার করা গাঁজা গাছটি পুলিশ হেফাজতে রয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।









