মুন্সিগঞ্জে মহিলা মাদ্রাসায় ‘জ্বীন নিয়ে খেলা’ করার অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক
মুন্সিগঞ্জ, ২৪ মার্চ, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মহিলা মাদ্রাসায় জ্বীন নিয়ে খেলা করার অভিযোগের প্রেক্ষিতে এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ। মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার রাউৎভোগ আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসার শিক্ষক মাসুদ উদ্দিন নুরীকে (৩২) গতকাল মঙ্গলবার (২৩ মার্চ) রাত ৮টার দিকে আটক করে নিয়ে আসে টংগিবাড়ী থানা পুলিশ।
এলাকাবাসী সুত্রে জানা গেছে, নুরী বিগত কয়েকদিন যাবৎ ওই মাদ্রাসার মধ্যে রাত জেগে জ্বীন নিয়ে খেলা করার নামে বিভিন্ন ভীতিকর পরিস্থিতির সৃস্টি করছিলো। এতে মাদ্রাসার সাধারণ ছাত্রীরা ভয় পাচ্ছিলো। পাশাপাশি তাদের লেখাপড়াও ব্যহত হচ্ছিলো। এ প্রেক্ষিতে কতিপয় অভিভাবকদের অভিযোগে তাকে আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ।
এ ব্যাপারে টংগিবাড়ী থানার ওসি হারুন অর রশিদ জানান, জ্বীন নিয়ে রাত জেগে সে খেলা করে এমন একটি অভিযোগের প্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় আনা হয়েছে।


