২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ২:১৬
মুন্সিগঞ্জে বালতি ভর্তি ককটেল উদ্ধার, আ. লীগ নেতার ভাগ্নে জামাই আটক
খবরটি শেয়ার করুন:
362

মুন্সিগঞ্জ, ২ নভেম্বর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ শহরের বৈখর এলাকায় ড্রেন ও বসতবাড়ি থেকে বালতি ভর্তি প্রায় ৪০টি তাজা ককটেল, ২টি পাসপোর্ট, ১টি মোবাইল, ধারালো ছুরি ও ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ বাহিনী। এসময় একজনকে আটক করা হয়।

আজ রোববার দুপুর ৩ টার দিকে পৌরসভার বৈখর এলাকার সেলিনা আক্তারের ভাড়াটিয়া আনোয়ার হোসেনের বাড়িতে হয় এই অভিযান।

আটক মো. হাসান বেপারী (৩৬) মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া এলাকার মৃত আবুল কাশেম বেপারীর পুত্র। তিনি ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা রিপন হোসেন পাটোয়ারির ভাগ্নে জামাই।

মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, মোল্লাকান্দি কেন্দ্রীক সহিংসতায় ব্যাবহারের উদ্দেশ্য এসব ককটেল তৈরি ও মজুদ করা হয়েছিলো।

ওসি আরও জানান, আনোয়ার হোসেনের দ্বোচালা টিনের বসতঘরের পাশে কাজ করতে গিয়ে ড্রেনের ভেতর বালতিতে ককটেল দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে সেনাবাহিনীর ১৯ বীর, মুন্সিগঞ্জ সদর ক্যাম্পের নেতৃত্বে ড্রেন ও আনোয়ার হোসেনের বসতবাড়ি থেকে এসব উদ্ধার হয়। এছাড়া এসময় ৯৫টি জর্দা তৈরির কৌটা পাওয়া যায়।

এ ঘটনায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান ওসি।