মুন্সিগঞ্জে বাড়ি থেকে বেরিয়ে পথভ্রান্ত ফুলমতি, স্বামী-ছেলেদের খুঁজছে প্রশাসন
মুন্সিগঞ্জ, ২৩ জুলাই ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের টংগীবাড়ী উপজেলার কামারখাড়া ইউনিয়নের বড়াইল জোড়া ব্রিজ সংলগ্ন এলাকা থেকে ফুলমতি (৮০) নামে এক বৃদ্ধা নারীকে উদ্ধার করেছেন স্থানীয়রা। ওই নারীর দাবি, বাড়ি থেকে বেরিয়ে তিনি পথভ্রান্ত হয়েছেন। পরে তাকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেন উদ্ধারকারীরা। বর্তমানে ওই নারী উপজেলা সমাজসেবা অফিসারের হেফাজতে রয়েছেন।
নারী উদ্ধারের ঘটনায় আজ বুধবার টংগিবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ওই নারীর পরিবারের সদস্যদের খোঁজা হচ্ছে।
থানায় দায়েরকৃত সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, আব্দুল আলিম, সোলেমান মোহাম্মদ ও সানাউল্লাহ ইসলাম আনন্দ নামের তিনজন ব্যক্তি গতকাল মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে টংগীবাড়ী থানাধীন কামারখাড়া ইউনিয়নের বড়াইল সাকিনস্থ বড়াইল জোড়া ব্রিজ সংলগ্ন এলাকায় এক নারীকে সড়কের উপর পড়ে থাকতে দেখেন। এসময় ওই নারীর কাছে তার পরিচয় জানতে চাইলে তিনি জানান- তাঁর নাম ফুলমতি, স্বামীর নাম কাদির গাজী, গ্রামের নাম মুন্সীরহাট, ছেলেদের নাম আজম ও মফিজল এবং থানা ও জেলা- মুন্সিগঞ্জ। এছাড়া তিনি বলেন, বাড়ি থেকে বের হয়ে হাটতে হাটতে তিনি এই স্থানে চলে এসেছেন।
পরে ওই নারীর শারিরীক অবস্থা দুর্বল হওয়ায় টংগীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করান উদ্ধারকারীরা। পরে উপজেলা নির্বাহী অফিসারের পরামর্শে তাকে সমাজসেবা অফিসারের হেফাজতে রাখা হয়।
নারীর পরিবারের সদস্য বা অন্য কেউ নিউজটি দেখে থাকলে টংগিবাড়ী থানায় অথবা উপজেলা সমাজসেবা অফিসার মোজাম্মেল হোসেনের সাথে যোগাযোগের অনুরোধ করা হয়েছে- ০১৭১৫৬৫৪০১৪


