মুন্সিগঞ্জে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ গৃহবধূর মরদেহ মিললো নদীতে
116

মুন্সিগঞ্জ, ২৯ মে ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের গজারিয়ায় নিখোঁজের চার দিন পর মেঘনার শাখা ফুলদী নদী থেকে হালিমা আক্তার (২০) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।

আজ শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার টেংগারচর ইউনিয়নের বড় ভাটেরচর গ্রামের পূর্ব পাশের ফুলদী নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে গজারিয়া নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত হালিমা আক্তার উপজেলার হোসেন্দী ইউনিয়নের জামালদী গ্রামের দিনমজুর মো. মহসিন মিয়ার মেয়ে। পাঁচ মাস আগে তার বিয়ে হয় উপজেলার ভবেরচর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের ইমন মিয়ার সঙ্গে।

স্থানীয় সূত্রে জানা যায়, নদীতে এক তরুণীর মরদেহ ভাসতে দেখার খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে এবং এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি দেখে স্বজনরা মরদেহটি হালিমার বলে শনাক্ত করেন।

নিহতের বাবা মহসিন মিয়া বলেন, পাঁচ মাস আগে মেয়েকে বিয়ে দিয়েছি। কিন্তু শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে বনিবনা হচ্ছিল না। তাই গত দুই থেকে আড়াই মাস ধরে সে আমার বাড়িতেই ছিল। গত মঙ্গলবার বড় মেয়ের বাড়িতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। পরে সেখানে না পৌঁছালে আমরা বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করি। আজ লোকমুখে খবর পেয়ে বড় মেয়ের জামাই গিয়ে মরদেহ শনাক্ত করে।

গজারিয়া নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরজিৎ কুমার ঘোষ বলেন, স্থানীয়দের খবরে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রথমে অজ্ঞাত হিসেবে উদ্ধার করা হলেও পরে স্বজনরা পরিচয় শনাক্ত করেছেন।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ