১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
শনিবার | রাত ২:৩৯
মুন্সিগঞ্জে ফেসবুক মন্তব্যের জের ধরে দ্বন্দ্বের জেরে প্রকাশ্যে অস্ত্র নিয়ে ধাওয়ার অভিযোগ
খবরটি শেয়ার করুন:
155

মুন্সিগঞ্জ, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ শহরের উত্তর ইসলামপুর এলাকায় ফেসবুকে কমেন্ট করাকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে ধাওয়ার ঘটনা ঘটেছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে এই চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি হরগঙ্গা কলেজ ছাত্রদলের সদস্য সচিব রোকনদ্দৌলা রাফসানের সাথে স্থানীয় রাব্বি নামক এক যুবকের ফেসবুকে মন্তব্য নিয়ে বিরোধ চলছিল। সোমবার রাতে ওই মন্তব্যের বিষয়ে রাফসান রাব্বির কাছে জানতে চাইলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।

একপর্যায়ে দুই পক্ষের লোকজন জড়ো হলে রাফসান পক্ষের ‘রাজা’ নামক একজনকে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র হাতে ধাওয়া করতে দেখা যায়।

এই ঘটনায় রাব্বি পক্ষের সাইফুল ইসলাম (যিনি জুলাই শহীদ সজলের ভাই) অভিযোগ করে জানান, ফেসবুকে মন্তব্যের জেরে ছাত্রদল নেতা রাফসানরা তার আত্মীয় রাব্বিকে মারধর করেছে এবং দোকান বন্ধের হুমকি দিয়েছে।

তিনি আরও জানান, ইসলামপুর এলাকার রাজা অস্ত্র নিয়ে ধাওয়া দিয়েছে এবং এ বিষয়ে তারা থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

অন্যদিকে, ছাত্রদল নেতা রোকনদ্দৌলা রাফসান অভিযোগ অস্বীকার করে বলেন, একটি ছেলে তার ফেসবুকে অনবরত বাজে মন্তব্য করছিল। তাকে সংযত হতে বললে সে উল্টো গালমন্দ করে এবং সাইফুল ও জুনাইয়েদকে দিয়ে তাকে ফোন করিয়ে হুমকি দেয়। উদ্ভূত পরিস্থিতিতে তিনি তার পরিবারকে বিষয়টি জানান।

মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। জুলাই শহিদ পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেওয়ার প্রক্রিয়া চলছে। ঘটনার তদন্ত সাপেক্ষে অস্ত্র উদ্ধারসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।