মুন্সিগঞ্জে ফুটবল খেলায় হারজিত নিয়ে দুই গ্রুপের টেটাযুদ্ধে আহত ১২, বাড়িঘর ভাঙচুর
মুন্সিগঞ্জ, ১৯ অক্টোবর ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ফুটবল খেলায় হারজিত নিয়ে দ্বন্দের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ৩ জন টেটাবিদ্ধসহ আহত হয়েছেন ১২ জন। ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি বাড়িঘর।
শনিবার সকাল ৭ টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের চরপানিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
টেটাবিদ্ধরা হলেন, মো.জাকির হোসেন (৪২), পিয়ার হোসেন (৩৫) ও সিয়াম (২৮)।
স্থানীয়রা জানান, শুক্রবার উপজেলার বালুচর ইউনিয়নের চরপানিয়া গ্রামের পূর্বপাড়া বনাম পশ্চিমপাড়ার মধ্যে ফুটবল খেলা হয়। সেখানে হারজিত নিয়ে দ্বন্দের জের ধরে শনিবার সংঘর্ষে জড়ায় রুপচান মিয়ার ও মুজিবুর রহমানের লোকজন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে চরপানিয়া এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।





