১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | দুপুর ১২:৫৫
মুন্সিগঞ্জে পূর্ব বিরোধের জেরে বাড়ির পাশে গুলি করে যুবককে হত্যা
খবরটি শেয়ার করুন:
557

মুন্সিগঞ্জ, ২৬ নভেম্বর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় পূর্ব বিরোধের জেরে জয় (২৬) নামে এক যুবককে গুলি করে ও কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে চলমান বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে জানা গেছে।

আজ বুধবার রাত ৮টার দিকে উপজেলার ইমামপুর ইউনিয়নের চৌদ্দ কাউনিয়া এলাকায় ঘটনাটি ঘটে।

নিহত জয় উপজেলার বাউশিয়া ইউনিয়নের চর চৌদ্দ কাউনিয়া গ্রামের মো. জামাল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, চর চৌদ্দ কাউনিয়া গ্রামের জামাল হোসেনের (নিহত জয়ের বাবা) সাথে স্থানীয় বেকু হাসান গ্রুপের দীর্ঘদিন যাবৎ এলাকায় প্রভাব বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এই বিরোধকে কেন্দ্র করে এর আগেও উভয় পক্ষের মধ্যে একাধিকবার হামলার ঘটনা ঘটেছে। কিছুদিন আগে নিহত জয়ের বাবাকেও কুপিয়ে জখম করা হয়েছিল এবং তিনি এখনও চিকিৎসাধীন রয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক জয়ের বাড়ির পাশের এক প্রতিবেশী জানান, রাত আনুমানিক ৮টার দিকে জয় বাড়ির পাশের রাস্তায় থাকা অবস্থায় স্থানীয় বেকু হাসান-লালু গ্রুপের চিহ্নিত সন্ত্রাসীরা তাঁকে প্রথমে গুলি করে। এরপর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে।

আত্মীয়-স্বজনরা দ্রুত জয়কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. নুরে আলম জিকু এই বিষয়ে বলেন, “রাত ৯টার দিকে তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাঁর শরীরে ভারী অস্ত্রের আঘাতের প্রচুর চিহ্ন রয়েছে।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার আলম আজাদ বলেন, “খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যাচ্ছে। এই ঘটনায় জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না এবং অপরাধীদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

‘এলাকায় যেন কোনো ধরনের আইন-শৃঙ্খলার অবনতি না ঘটে, সেদিকে পুলিশ সতর্ক রয়েছে’- বলেন ওসি।