মুন্সিগঞ্জে পুলিশের সামনে আ. লীগের মিছিল: ৩ পুলিশ সদস্য প্রত্যাহার, আটক ৩
মুন্সিগঞ্জ, ১৮ নভেম্বর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার প্রতিক্রিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শাটডাউন কর্মসূচির সমর্থনে মুন্সিগঞ্জে মিছিল করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগ। এসময় পুলিশের উপস্থিতি দেখা গেলেও তাদের নির্বিকার দেখা যায়।
পরে ঘটনাস্থলে উপস্থিত থাকা পুলিশের এক সাব-ইন্সপেক্টরসহ দুই কনস্টেবলকে ক্লোজড করা হয়েছে। তারা হলেন- সিরাজদিখান থানার সাব-ইন্সপেক্টর মো. কামরুজ্জামান ও কনস্টেবল মো. শফিক ও মো. বাদশা।
তাছাড়া এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়। তারা হলেন- মালখানগর ইউনিয়ন যুবলীগের সভাপতি মকবুল হোসেন দেওয়ান (৫৪), মো. সোহেল শেখ (৩৫) ও মন্টু ভুঁইয়া (৩০)।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মিছিলের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ি থেকে নেমে তাদের আটকের আগেই মিছিলকারীরা পালিয়ে যায়। মিছিলকারীদের আটকে ব্যর্থ হওয়ায় জেলা পুলিশের নির্দেশে ৩ পুলিশ সদস্যকে জেলা পুলিশ লাইনে সরিয়ে নেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ৯ টার দিকে উপজেলার বাসাইল ইউনিয়নের ইমামগঞ্জ বাজার এলাকায় এই মিছিল হয়। পরে মিছিলের ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ‘সিরাজদিখান উপজেলা আওয়ামী যুবলীগ’ ও মুন্সিগঞ্জ জেলা ছাত্রলীগ’ ব্যানারে পৃথক দুইটি ব্যানারে প্রায় ২৫-৩০ জন ব্যক্তি বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল নিয়ে যাচ্ছেন। এসময় পাশ দিয়ে একটি পুলিশের টহল গাড়ি চলে গেলেও তারা ছিলো নির্বিকার। পরে এক জায়গায় থেমে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্যও রাখেন একজন।
খোঁজ নিয়ে জানা গেছে, যুবলীগের মিছিলটির নেতৃত্বে ছিলেন সিরাজদিখান উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম লিটু ও ছাত্রলীগের মিছিলে নেতৃত্ব দেন লৌহজং উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ শাওন।


