২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | সকাল ৮:১৯
মুন্সিগঞ্জে পুলিশের সামনেই আ. লীগের শাটডাউন কর্মসূচির সমর্থনে মিছিল
খবরটি শেয়ার করুন:
240

মুন্সিগঞ্জ, ১৮ নভেম্বর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার প্রতিক্রিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা দেশব্যাপী শাটডাউন কর্মসূচির সমর্থনে মুন্সিগঞ্জে একই জায়গায় প্রকাশ্যে পৃথক দুইটি মিছিল করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগ। এসময় পুলিশের উপস্থিতি দেখা গেলেও তাদের নির্বিকার দেখা যায়।

আজ মঙ্গলবার সকাল ৯ টার দিকে উপজেলার বাসাইল ইউনিয়নের ইমামগঞ্জ বাজার এলাকায় এই মিছিল হয়। পরে মিছিলের ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ‘সিরাজদিখান উপজেলা আওয়ামী যুবলীগ’ ও মুন্সিগঞ্জ জেলা ছাত্রলীগ’ ব্যানারে পৃথক দুইটি ব্যানারে প্রায় ২৫-৩০ জন ব্যক্তি বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল নিয়ে যাচ্ছেন। এসময় পাশ দিয়ে একটি পুলিশের টহল গাড়ি চলে গেলেও তারা ছিলো নির্বিকার। পরে এক জায়গায় থেমে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্যও রাখেন একজন।

খোঁজ নিয়ে জানা গেছে, যুবলীগের মিছিলটির নেতৃত্বে ছিলেন সিরাজদিখান উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম লিটু ও ছাত্রলীগের মিছিলে নেতৃত্ব দেন লৌহজং উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ শাওন।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা স্বীকার করে গণমাধ্যমকে বলেন, মিছিলটি চলাকালীন সময়ে ডিউটিরত পুলিশের একটি টহল গাড়ি যাচ্ছিলো, তবে আমাদের অফিসার বুঝে ওঠার আগেই তারা দ্রুত গতিতে পালিয়ে যায়।