১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | দুপুর ২:৪০
মুন্সিগঞ্জে নামাজ পড়ে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে বৃদ্ধকে হত্যা
খবরটি শেয়ার করুন:
50

মুন্সিগঞ্জ, ১১ জুলাই ২০২৫, ডেস্ক রিপোর্ট (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখানে মসজিদ থেকে এশার নামাজ পড়ে বাড়ি ফেরার পথে সাহেব আলী (৫৮) নামের এক বৃদ্ধকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১০ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার বাসাইল ইউনিয়নের পশ্চিম ঘোড়ামারা এলাকার মধ্যনগর জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

নিহত সাহেব আলী ওই এলাকার মৃত ছাবেদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাহেব আলী নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় মসজিদের সামনের কাঁচা রাস্তায় পৌঁছালে পেছন থেকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত সাহেব আলী মাটিতে লুটিয়ে পড়েন। তার চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহতের ছেলে মো. জয়নাল বলেন, ‘জমিজমা ব্যবসার কারণে আমার বাবাকে খুন করা হয়েছে। কয়েকদিন আগে বাবার মোবাইল ফোনে হত্যার হুমকিও দেওয়া হয়েছিল।’

সিরাজদিখান থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান বলেন, ‘সাহেব আলী নামাজ পড়ে বাড়ি ফেরার সময় দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধ থেকেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।’