মুন্সিগঞ্জে ডিবির ৩ অভিযানে ১২০২ পিস ইয়াবা ও হেরোইন উদ্ধার, গ্রেপ্তার ৫
মুন্সিগঞ্জ, ১০ অক্টোবর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে পৃথক তিনটি মাদকবিরোধী অভিযানে ১২০২ পিস ইয়াবা ও ১৫ গ্রাম হেরোইন উদ্ধার করেছে পুলিশ। এসব অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে একজনের বিরুদ্ধে আগে মাদকসংক্রান্ত সাতটি মামলা রয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) মুন্সিগঞ্জের সিরাজদিখান, টংগিবাড়ী ও লৌহজং উপজেলায় এসব অভিযান চালানো হয়।
জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা পেট্রোল পাম্পসংলগ্ন পাকা সড়ক থেকে ১৫ গ্রাম হেরোইন ও ৮০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করে সিরাজদিখান থানা-পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চালতিপাড়া গ্রামের মো. শামীম হোসেন ওরফে পিচ্চি শামীম (২৮) এবং লক্ষীবিলাশ গ্রামের নিলয় মন্ডল (২৩)।
একই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টংগিবাড়ী উপজেলার উত্তর পাইকপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১০২ পিস ইয়াবাসহ মঞ্জু শেখ (৪০) ও রিয়াদ হোসেন অন্ত (২১) নামের দুইজনকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁরা দুজনই উত্তর পাইকপাড়া গ্রামের বাসিন্দা। পুলিশের ভাষ্য, মঞ্জু শেখের বিরুদ্ধে আগে মাদকসংক্রান্ত সাতটি মামলা রয়েছে।
এ ছাড়া শুক্রবার দুপুর আড়াইটার দিকে লৌহজং উপজেলার আলোচিত গোয়ালীমান্দ্রা এলাকায় পুন্নির মুদি দোকানের সামনের পাকা সড়ক থেকে ৩০০ পিস ইয়াবাসহ মো. গাজী আশিক (২৫) নামের একজনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। তিনি পদ্মা সেতু উত্তর থানার যশলদিয়া গ্রামের বাসিন্দা।
জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।







