মুন্সিগঞ্জে ঝুট ব্যবসায়ী ও সিঙ্গাপুর প্রবাসীর ফ্ল্যাটে ডাকাতি, স্বর্ণসহ ২৫ লাখ টাকার মালামাল লুট!
39

মুন্সিগঞ্জ, ৭ জুন ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার আটপাড়া ইউনিয়নে ঝুট ব্যবসায়ী ও এক সিঙ্গাপুর প্রবাসীর ফ্ল্যাটে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

শনিবার দিবাগত রাত প্রায় ২টার দিকে ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি তিনতলা ভবনে সংঘটিত এ ঘটনায় দুই ফ্ল্যাট থেকে স্বর্ণালংকার, রুপা ও নগদ অর্থসহ প্রায় ২৫ লাখ টাকার মালামাল লুট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, গাজীপুরের কোনাবাড়ির ঝুট ব্যবসায়ী মঞ্জু মোড়লের মালিকানাধীন ভবনের কলাপসিবল গেটের তালা ভেঙে প্রায় ২৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল ভেতরে প্রবেশ করে। এরপর ডাকাতরা দুটি দলে ভাগ হয়ে ভবনের বিভিন্ন ফ্ল্যাটে অভিযান চালায়।

ডাকাত দলের একটি অংশ নিচতলায় মঞ্জু মোড়লের ফ্ল্যাটে ঢুকে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ১ লাখ টাকা লুট করে নেয়। ঘটনার সময় মঞ্জু মোড়ল বাসায় ছিলেন না।

অপর দলটি ভবনের দ্বিতীয় তলার ভাড়াটিয়া সিঙ্গাপুর প্রবাসী মো. ফেরদৌসের ফ্ল্যাটে প্রবেশ করে। এ সময় বাসার সদস্যরা বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাতরা মো. শাজাহান (৭০), ফেরদৌস (৩৫) ও শারমিন (২৩)-কে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে আহত করে। একই সঙ্গে তারা আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে আতঙ্ক সৃষ্টি করে এবং প্রায় সাড়ে ৫ ভরি স্বর্ণালংকার, ১০ ভরি রুপা ও নগদ ১ লাখ ৬৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

পরিবার সূত্রে জানা গেছে, প্রবাসী ফেরদৌস শনিবার রাত ৯টার দিকে সিঙ্গাপুর থেকে বাড়িতে পৌঁছান। দেশে ফেরার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই এমন ডাকাতির ঘটনায় পরিবারে আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে শ্রীনগর থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মিল্টন দত্ত বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগীরা থানা অভিযোগ করেছেন। পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ