১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | সকাল ১১:৫২
মুন্সিগঞ্জে চিকিৎসাধীন শিশুর মৃত্যু: পুলিশি জিজ্ঞাসাবাদে সৎ মা, মামলা হয়নি
খবরটি শেয়ার করুন:
177

মুন্সিগঞ্জ, ২১ নভেম্বর ২০২৫, ডেস্ক রিপোর্ট (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কামারগাঁও এলাকার শিশু মো. জুবায়ের (১০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

এ ঘটনায় তার সৎ মা-কে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তবে প্রাথমিকভাবে ঘটনাটি উদঘাটন বা কোন আইনগত ব্যবস্থার প্রক্রিয়ায় এখনো এগোতে পারেনি পুলিশ।

আজ শুক্রবার সকাল দশটার দিকে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা খান আমার বিক্রমপুর-কে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গত বুধবার বিকাল ৫ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জুবায়ের নামের ওই শিশুর মৃত্যু হয়। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির সৎ মা রূপা বেগমসহ ৩ জনকে থানা হেফাজতে আনে।

‘তবে এ ঘটনায় তাদের সংশ্লিষ্টতা সম্পর্কে এখনো প্রাথমিক তদন্ত শেষ না হওয়ায় কোন আইনগত ব্যবস্থা নেয়া হয়নি। শিশুটির শরীরে যে আঘাত সেটি মারধরের কি না তাও এখনো নিশ্চিত হওয়া যায়নি।’-সকালে বলেন ওসি।

মৃত জুবায়েরের নানী জাহানারা বেগম অভিযোগ করে গণমাধ্যমকে জানান, ‘গত মঙ্গলবার জুবায়ের পাশ্ববর্তী বাড়ীর গাছ থেকে জাম্বুরা পাড়তে গেলে তাকে কয়েকজন ছেলে মারধর করে। পরে জুবায়ের বাড়ীতে গেলে সৎ মা রুপা পুনরায় জুবায়েরকে মারধর করে। এতে সে অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি দেখে ডাক্তার জুবায়েরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন থাকাবস্থায় বুধবার বিকেল ৫ টার দিকে জুবায়েরের মৃত্যু হয়।’