মুন্সিগঞ্জে গভীর রাতে আগুনে পুড়ে ছাই ৮টি দোকান
মুন্সিগঞ্জ, ২৯ সেপ্টেম্বর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের লৌহজংয়ে গভীর রাতে আগুন লেগে অন্তত আটটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
আজ সোমবার গভীর রাতে উপজেলার পশ্চিম কুমারভোগ জামে মসজিদসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে রাজ কুমার ও শয়নের একটি সেলুন, আমজাদের ফলের দোকান, রিপনের চায়ের দোকান, মো. আরিফ ঢালীর ভাঙারির দোকান, নাসির খানের রিকশার গ্যারেজ, নাসির খানের অটো চার্জিং স্টেশন ও ওয়েল্ডিংয়ের দোকান।
শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের অফিসার মো. দেওয়ান আজাদ হোসেন জানান, রাত ২টা ২৫ মিনিটে সংবাদ পাওয়ার পর শ্রীনগর ও লৌহজং ফায়ার সার্ভিসের চারটি ইউনিট একযোগে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ প্রক্রিয়াধীন।


