২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ১:৩১
মুন্সিগঞ্জে খেলার মাঠ কেটে স্বেচ্ছাসেবক লীগ নেতার ড্রেজার বাণিজ্য
খবরটি শেয়ার করুন:
57

মুন্সিগঞ্জ, ২৯ আগস্ট, ২০২১, শিহাব আহমেদ (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়নের ধামারন এলাকায় ড্রেজার ব্যবসা পরিচালনার সুবিধার্থে ১০০ বছরের পুরনো খেলার মাঠ কেটে ফেলা হয়েছে।

গতকাল শনিবার (২৮ আগস্ট) বিকালে সরেজমিনে ঐ এলাকায় গিয়ে এই চিত্র দেখা গেছে।

স্থানীয়রা জানিয়েছে, মুন্সিগঞ্জ সদরের বজ্রযোগিনী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফিরোজ মোল্লা এই ব্যবসা পরিচালনা করছেন।

তার সাথে অংশীদার হিসেবে রয়েছেন বজ্রযোগিনী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম, সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অপু শেখ।

স্থানীয় হৃদয় শেখ জানান, গতকাল শনিবার (২৮ আগস্ট) ফিরোজ মোল্লা, জহিরুল ইসলাম ও অপু ড্রেজারের পাইপ নেয়ার জন্য ঐতিহ্যবাহী এই খেলার মাঠ কাটতে আসলে আমরা তাদের বাঁধা দেই। কিন্তু তারা আমাদের হুমকি-ধমকি দিয়ে ত্রাস সৃষ্টি করে জোরজবরদস্তি করে মাঠ কেটে ফেলে।

শিশু তাহসিন বেপারী (১১) বলেন, প্রতিদিনের মত আজকেও সকালে মাঠে খেলতে এসেছিলাম। এসে দেখি মাঠ কাটা। আমরা এর বিচার চাই।

এ বিষয়ে জানতে চাইলে বজ্রযোগিনী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফিরোজ মোল্লা ড্রেজার ব্যবসার জন্য মাঠ কাটার বিষয়টি স্বীকার করে বলেন, তার অগোচরে শ্রমিকরা মাঠ কাটার কাজ করেছে, মাঠ পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার জন্য তিনি শ্রমিকদের বলেছেন।

টংগিবাড়ী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পারভীন খানম বলেন, এ বিষয়ে খোঁজখবর নিয়ে দ্রুত ব্যবস্থা নেয়া হচ্ছে। এ ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।