মুন্সিগঞ্জে কৃষকের ১২শ’ মণ আলু পুড়িয়ে দিলো দুবৃত্তরা
মুন্সিগঞ্জ, ১৯ মার্চ, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে কৃষকের ১২শ’ মণ আলু পুড়িয়ে দিয়েছে দুবৃত্তরা।
বুধবার (১৭ মার্চ) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার আঁধারা ইউনিয়নের রাঢ়িপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এতে কৃষক খোকন দেওয়ানে দুইটি আলুর স্তূপ ও দেলোয়ার দেওয়ান, সালাউদ্দিন চৌধুরী এবং আব্দুল হাই চৌধুরীর একটি করে আলুর স্তূপ আগুনে পুড়ে যায়।
খোকন দেওয়ানের ভাতিজা ও ইউপি সদস্য সুরুজ মিয়া জানান, গভীর রাতে পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তরা আলুর স্তূপে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। পাঁচটি স্তূপে থাকা প্রায় ১২শ’ মণ আলু পুড়ে নষ্ট হয়ে গেছে। এতে ৫ থেকে ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এমন ন্যক্কারজনক ঘটনা আগে কখনো ঘটেনি। তবে যারাই এরসাথে জড়িত থাকুক না কেন তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা উচিত।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, ‘এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। তবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’


