মুন্সিগঞ্জে এসএসসিতে ভালো ফলাফল করা স্কুল প্রধানদের ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন ডিসি
মুন্সিগঞ্জ, ১৩ আগস্ট ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের এসএসসি ২০২৬ পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। এতে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ, জেলা শিক্ষা কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং এসএসসি ২০২৬ পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল শুধু সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অর্জন নয়, এটি জেলার সামগ্রিক শিক্ষা ব্যবস্থার অগ্রগতিরও প্রতিফলন। এ সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে শিক্ষার গুণগত মান নিশ্চিত করা, নিয়মিত পাঠদান, শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ বিকাশ এবং সহশিক্ষা কার্যক্রমে আরও গুরুত্ব দেওয়ার ওপর জোর দেওয়া হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী ভালো ফলাফল অর্জনকারী প্রতিষ্ঠানগুলোকে ভবিষ্যতেও সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার আহ্বান জানান।
একই সঙ্গে তুলনামূলকভাবে পিছিয়ে থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার মানোন্নয়নে ভালো ফলাফলকারী ও অভিজ্ঞ প্রতিষ্ঠানগুলোর পারস্পরিক সহযোগিতা এবং অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
জেলা প্রশাসক বলেন, একটি জেলার শিক্ষার সামগ্রিক মানোন্নয়নে শুধু কয়েকটি প্রতিষ্ঠানের ভালো ফলাফল যথেষ্ট নয়। সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়নের জন্য পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে সমন্বিতভাবে কাজ করতে হবে।
মতবিনিময় সভা শেষে এসএসসি ২০২৬ পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধানদের ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ সময় শিক্ষার্থীদের সাফল্যের পেছনে প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টার প্রশংসা করা হয়।









