২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ১:৫৮
মুন্সিগঞ্জে কৃষক লীগ নেতার ছেলেকে গুলি করে হত্যা
খবরটি শেয়ার করুন:
499

মুন্সিগঞ্জ, ৩ নভেম্বর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের পূর্ব বিরোধের জেরে মুন্সিগঞ্জের মোল্লাকান্দিতে কৃষক লীগ নেতার পুত্রকে গুলি করে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

রোববার রাত সাড়ে দশটার দিকে মাথা ও পিঠে গুলিবিদ্ধ অবস্থায় ওই যুবককে ২৫০ শয্যা মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়।

হাসপাতালে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক প্রান্ত সরকার এ তথ্য নিশ্চিত করেন।

নিহত তুহিন দেওয়ান (২২) মোল্লাকান্দি ইউনিয়নের দক্ষিণ বেহেরকান্দি এলাকার ইউনিয়ন কৃষক লীগের সভাপতি সেলিম দেওয়ানের পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়ন বিএনপির সভাপতি ওয়াহিদ মোল্লা ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আতিক মোল্লা গ্রুপের সমর্থক ছিলেন তুহিন। গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর থেকে এলাকাছাড়া ছিলো তুহিন ও তাদের লোকজন। সম্প্রতি তারা এলাকায় ফিরলে বিএনপি নেতা উজির আলী ও বিএনপি নেতা আওলাদ মোল্লা সমর্থকদের সাথে বিরোধ হয়। এ ঘটনার জেরে রোববার তুহিনকে গুলি করে হত্যা করা হয়।

নিহত তুহিনের মা লাখি বেগম অভিযোগ করে জানান, উজির আলী গ্রুপের লোকজন অতর্কিতভাবে আমার ছেলেকে গুলি করে হত্যা করেছে।

অভিযোগের বিষয়ে উজির আলী ও আওলাদ মোল্লার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. ফিরোজ কবির জানান, হাসপাতালে মরদেহের খবর পেয়ে পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এ ঘটনায় কে বা কারা জড়িত তা উদঘাটনে কাজ চলছে। মরদেহ ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।