১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
শনিবার | সকাল ১১:১০
মুন্সিগঞ্জে আলু ক্ষেতে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে গুরুতর আহত শিশু, ঢাকায় প্রেরণ
খবরটি শেয়ার করুন:
84

মুন্সিগঞ্জ, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদরে আলু ক্ষেতে পরে থাকা ককটেল বিস্ফোরণে এক শিশুর হাতের আঙুল ছিন্নবিচ্ছিন্ন হয়েছে। গুরুতর আহত অবস্থায় ওই শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সিকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

শিশুটির পিতা আল আমিন জানান, দুপুরে আমাদের অজ্ঞাতসারে খেলতে খেলতে মোস্তাকিম আলু ক্ষেতের দিকে যায়। এরপর হঠাৎ বিস্ফোরণের শব্দ পেয়ে আমরা ছুটে গেলে দেখি চারিদিকে রক্ত আর আমার ছেলে পড়ে আছে। এসময় পাশেই ককটেল বিস্ফোরণের আলামত দেখতে পাই। পরে দ্রুত কাপড় দিয়ে হাত-পা পেচিয়ে হাসপাতালে নিয়ে আসি।

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এস এম ফেরদৌস হাসান জানান, বিস্ফোরণে ওই শিশুর ডান হাতের সবকয়টি আঙুল ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেছে। আঘাত লেগেছে ডান পা-য়েও। বিকাল ৪টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। পরে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠিয়েছি।

আহত মোস্তাকিম (৮) মুন্সিকান্দি এলাকার আল আমিনের পুত্র।

মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।