মুন্সিগঞ্জে অবৈধ বালুমহালে অভিযান; মিললো অস্ত্র-গুলি
মুন্সিগঞ্জ, ২১ মে ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়ায় মেঘনা নদীতে অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এসময় দেশীয় তৈরি পিস্তল, গুলি, ছুরিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
আজ বুধবার দুপুরে গজারিয়া উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে কোস্ট গার্ড ঢাকা জোনের বিসিজি স্টেশন গজারিয়ার পক্ষ হতে আয়োজিত সংবাদ সম্মেলন এসব তথ্য জানানো হয়।
বলা হয়, অভিযানে ৮ জন ব্যক্তিসহ বালু বহনকারী ৩টি বাল্কহেড ও ৩ টি ড্রেজার আটক করা হয়েছে। এ সময় একটি ড্রেজার তল্লাশি করে ১টি দেশীয় তৈরি পিস্তল, ১ রাউন্ড গুলি, ৭টি মোবাইল ফোন ও নগদ ২৫ হাজার ৮৬৬টাকা উদ্ধার করা হয়।
গজারিয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মামুন শরীফ বলেন, ‘মেঘনা নদীর গজারিয়া অংশে অবৈধভাবে বালু উত্তোলন, নৌপথে ডাকাতিসহ নানা অপরাধ রোধে মঙ্গলবার (২০ মে) দিবাগত রাত দশটার দিকে গুয়াগাছিয়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়।’
কোস্ট গার্ডের লেফটেন্যান্ট বি.এম. তানজিমুল ইসলাম বলেন, মঙ্গলবার রাত দশটা থেকে বুধবার ভোর পর্যন্ত আমাদের অভিযান চলে। কয়েকজন সন্ত্রাসী আমাদের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়। অবৈধ বালু উত্তোলনকারীদের তৎপরতা বন্ধ না হওয়া পর্যন্ত নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।’









