মুন্সিগঞ্জে নিজ ঘরে পরেছিল বৃদ্ধের হাত-পা ও মুখ বাঁধা মরদেহ
মুন্সিগঞ্জ, ২১ মে ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখানে নিজ বাসভবন থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় আমির হোসেন শেখ (৭০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত আমির হোসেন উপজেলার রশুনিয়া ইউনিয়নের উত্তর আবির পাড়া গ্রামের মৃত কোরবান আলী শেখের ছেলে।
আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে খবর পেয়ে বৃদ্ধের বাড়ির দোতলার একটি ঘর থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায় পুলিশ।
স্বজন ও প্রতিবেশীরা জানান, নিহত আমির হোসেন শেখের চার মেয়ের মধ্যে একজন দেশের বাইরে থাকেন। বাকি ৩ জন ঢাকায় বসবাস করেন। এছাড়া তার স্ত্রী থাকলেও তিনি ঢাকায় মেয়েদের সঙ্গে বসবাস করেন।
জানা যায়, নিহত আমির হোসেন শেখ এক সময় ময়মনসিংহে কাপড়ের ব্যবসা করতেন। তবে, বর্তমানে ব্যবসা ছেড়ে নিজ বাড়িতে একাই বসবাস করছিলেন তিনি। আজ বুধবার সকালে বাড়িটির নিচ তলার ভাড়াটিয়ারা পানির মোটর ছাড়তে দ্বিতীয় তলায় গেলে রশি দিয়ে হাত-পা ও কসটেপ দিয়ে মুখ বাঁধা মরদেহ দেখতে পান। পরে স্থানীয়রা খবর দেন পুলিশকে।
মরদেহ মিললেও ঘরের বাকি সবকিছু অক্ষত রয়েছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। প্রথমদিকে ঘটনাটি লুটের উদ্দেশ্যে মনে হলেও বর্তমানে এ নিয়ে রহস্য দেখা দিয়েছে।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন বলেন, হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বৃদ্ধকে। প্রকৃত ঘটনা উদঘাটনে কাজ করছে পুলিশ।





