মুন্সিগঞ্জে অনুমোদনহীন আবাসন প্রকল্পের বিরুদ্ধে অভিযান, সাইনবোর্ড অপসারণ
মুন্সিগঞ্জ, ১৭ জুন ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখানে অনুমোদনহীন আবাসন প্রকল্পের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানের ১২টি সাইনবোর্ড অপসারণ করেছে উপজেলা প্রশাসন।
আজ বুধবার সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার ইসলামপুর, সৈয়দপুর, নয়ানগর ও শিকারপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন, সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা ঘোষ।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সিনথিয়া হোসেন এবং সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন।
অভিযানকালে সিটি স্কয়ার হোমটাউন, স্বপ্নছায়া এবং কিং ইকো রিসোর্ট নামীয় তিনটি অনুমোদনবিহীন আবাসন প্রতিষ্ঠানের মোট ১২টি সাইনবোর্ড অপসারণ করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এসব প্রকল্পের প্রয়োজনীয় সরকারি অনুমোদন না থাকায় জনস্বার্থে এবং কৃষিজমি রক্ষার লক্ষ্যে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষিজমি সংরক্ষণ এবং সাধারণ মানুষকে প্রতারণার হাত থেকে রক্ষা করতে অনুমোদনহীন আবাসন প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।









