২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | রাত ২:০০
মুন্সিগঞ্জের ৩টি আসনে প্রার্থী হতে আবেদন করেছেন ২৩ জন, দেখুন কোথায় কে
খবরটি শেয়ার করুন:
651

মুন্সিগঞ্জ, ২৯ ডিসেম্বর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সিগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিলের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, জেলার ৩টি আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোট ২৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষ সময় পর্যন্ত প্রার্থীরা উৎসবমুখর পরিবেশে তাদের ফরম জমা দেন। জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার সৈয়দা নূরমহল আশরাফী স্বাক্ষরিত তালিকায় এই চিত্র উঠে এসেছে।

মুন্সিগঞ্জের তিনটি আসনের মধ্যে মুন্সিগঞ্জ-১ (শ্রীনগর ও সিরাজদিখান) আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন সর্বমোট ৭ জন। মুন্সিগঞ্জ-২ (লৌহজং ও টংগিবাড়ী) আসনেও প্রার্থীর সংখ্যা ৭ জন। তবে সবচেয়ে বেশি প্রার্থী আবেদন করেছেন মুন্সিগঞ্জ-৩ (মুন্সিগঞ্জ সদর ও গজারিয়া) আসনে; এখানে মোট ৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। তিন আসন মিলিয়ে মোট প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ জনে।

এদিকে, মুন্সিগঞ্জের ৩টি আসনের মধ্যে ২টিতে মোট ৩ জন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে মুন্সিগঞ্জ-১ (শ্রীনগর ও সিরাজদিখান) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোহাম্মদ মমিন আলী। অন্যদিকে, মুন্সিগঞ্জ-৩ (মুন্সিগঞ্জ সদর ও গজারিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিন।

উল্লেখ্য যে, মুন্সিগঞ্জ-২ (লৌহজং ও টংগিবাড়ী) আসনে কোনো স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেননি।

প্রার্থীদের বিস্তারিত তালিকা:

প্রার্থীদের পূর্ণাঙ্গ তালিকা:

নির্বাচনী এলাকা ক্রমিক প্রার্থীর নাম রাজনৈতিক দল / স্বতন্ত্র
১৭১ মুন্সিগঞ্জ-১ মো. আব্দুল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)
(প্রার্থী সংখ্যা: ৭) আব্দুর রহমান বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
রোকেয়া আক্তার ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ
মো: আতিকুর রহমান খান ইসলামী আন্দোলন বাংলাদেশ
মীর সরফত আলী সপু স্বতন্ত্র
মোহাম্মদ মমিন আলী স্বতন্ত্র
এ কে এম ফখরুদ্দিন রাজী বাংলাদেশ জামায়াতে ইসলামী
১৭২ মুন্সিগঞ্জ-২ আবদুস সালাম আজাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)
(প্রার্থী সংখ্যা: ৭) মাজেদুল ইসলাম জাতীয় নাগরিক পার্টি-এনএসপি
মো: নোমান মিয়া জাতীয় পার্টি
আশিক মাহমুদ ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ
কে, এম, বিল্লাল ইসলামী আন্দোলন বাংলাদেশ
এ, বি, এম ফজলুর করীম বাংলাদেশ জামায়াতে ইসলামী
মো. আমিনুল ইসলাম বাংলাদেশ খেলাফত মজলিস
১৭৩ মুন্সিগঞ্জ-৩ শেখ মো: কামাল হোসেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
(প্রার্থী সংখ্যা: ৯) মো. কামরুজ্জামান (রতন) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)
হাজী আব্বাস কাজী খেলাফত মজলিস
নুর হোসাইন নুরানী বাংলাদেশ খেলাফত মজলিস
সুমন দেওয়ান ইসলামী আন্দোলন বাংলাদেশ
মো. মহিউদ্দিন স্বতন্ত্র
আনিছ মোল্লা বাংলাদেশ লেবার পার্টি
মো. আরিফুজ্জামান (দিদার) জাতীয় পার্টি
শেখ মো: শিমুল বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের সময়সীমা শেষ হওয়ার পর এখন শুরু হচ্ছে যাচাই-বাছাইয়ের কাজ। ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি ২০২৬ পর্যন্ত চলবে মনোনয়নপত্র বাছাই। এরপর বাছাইয়ে বাতিল হওয়া প্রার্থীদের আপিল শুনানি চলবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২০ জানুয়ারি এবং তার পরের দিন অর্থাৎ ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রতীক পাওয়ার পর প্রার্থীরা ২২ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবেন যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল পর্যন্ত। সবশেষে আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে সারা দেশের ন্যায় মুন্সিগঞ্জের ভোটাররাও তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সৈয়দা নূরমহল আশরাফী জানিয়েছেন, একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিতে জেলা প্রশাসন ও নির্বাচন অফিস সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে।