মুন্সিগঞ্জের সিরাজদিখানে মাটি কাটা বন্ধে মধ্যরাতে টাস্কফোর্স অভিযানে আটক ১
মুন্সিগঞ্জ, মার্চ ১ ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় অবৈধ মাটি কাটা বন্ধে মধ্যরাতে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে যৌথ টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়েছে।
শনিবার রাত ১০টা থেকে রোববার রাত ২টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান ও টহল কার্যক্রম চালানো হয়।
অভিযান পরিচালিত হয় উপজেলার লতব্দির রামকৃষ্ণদি, বালুচরের কয়রাখোলা, বাসাইলের ঘোড়ামাড়া ও কেয়াইন এলাকায়।
অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজাউল করিম।
এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ক্যাপ্টেন মো. তানজীব, সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম বারি, সিরাজদিখান সার্কেলের সহকারী পুলিশ সুপার আনোয়ার পারভেজ, নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিকি এবং সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নানসহ সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজাউল করিম জানান, অবৈধ মাটি কাটা সংক্রান্ত অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে সম্রাট (২৫) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তাঁর বাবার নাম নাসিম খান।
তিনি আরও জানান, অবৈধ মাটি কাটা রোধে জেলা প্রশাসন, মুন্সিগঞ্জের মোবাইল কোর্ট কার্যক্রম অব্যাহত থাকবে।


