মুন্সিগঞ্জের সাংবাদিক মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি সাংবাদিক সংগঠনের
26

মুন্সিগঞ্জ, ১৬ জুলাই ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

বর্ষীয়ান সাংবাদিক মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে দায়ের করা মামলাকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ)।

বৃহস্পতিবার সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী শরিফুল ইসলাম (শাকিল) এবং সাধারণ সম্পাদক মো. রোমান আকন্দ এক যৌথ বিবৃতিতে এ উদ্বেগ, নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বিপিজেএফের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও বর্ষীয়ান সাংবাদিক মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করা স্বাধীন সাংবাদিকতার ওপর হস্তক্ষেপ এবং সংবিধানপ্রদত্ত মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী। সাংবাদিকদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়ার এ ধরনের অপচেষ্টা কোনো গণতান্ত্রিক সমাজে গ্রহণযোগ্য হতে পারে না বলেও তারা উল্লেখ করেন।

নেতৃবৃন্দ অবিলম্বে মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। অন্যথায় সাংবাদিক সমাজকে সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

এদিকে মাহাবুব আলম বাবু দাবি করেন, মুন্সিগঞ্জের এক চিহ্নিত হুন্ডি ব্যবসায়ীর দায়ের করা মিথ্যা মামলার কারণে তিনি গত ২২ দিন ধরে আত্মগোপনে রয়েছেন। তিনি বলেন, বর্তমানে তিনি চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগে আছেন।

জানা গেছে, মাহাবুব আলম বাবু দৈনিক আমাদের সময়, আমাদের নতুন সময়, আমাদের অর্থনীতি, দৈনিক দেশ বাংলা, দৈনিক জনতা এবং ডেইলি আওয়ার টাইম-সহ বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন সংবাদমাধ্যমে সাংবাদিকতা করেছেন। বর্তমানে তিনি দৈনিক আজকের দুর্নীতি পত্রিকার মুন্সিগঞ্জ জেলা ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বার্তাপ্রেরক হিসেবে স্বাক্ষর করেন বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক রেজায়ে রাব্বি রেজা।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ