মুন্সিগঞ্জের সদরে ড্রেজার পাহারারত যুবককে গুলি করে আহত
মুন্সিগঞ্জ, ২ ডিসেম্বর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মালির পাথর এলাকায় মঙ্গলবার (২ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে অজ্ঞাত দুষ্কৃতকারীদের গুলিতে গুরুতর আহত হয়েছেন ড্রেজার পাহারারত যুবক রাজু বেপারি (২৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপি অফিসের পিছনে ধলেশ্বরী নদীতে ড্রেজারে পাহারার কাজে নিয়োজিত ছিলেন রাজু।
এসময় ৫-৬ জন অজ্ঞাত ব্যক্তি ছোট ইঞ্জিনচালিত নৌকায় এসে ড্রেজারের ব্যাটারি দাবি করেন। রাজু দিতে অস্বীকার করলে তারা বন্দুক/শর্টগান দিয়ে গুলি চালায়। গুলির স্প্লিন্টার তার মুখ, ডান হাত ও পিঠের ডান পাশে লাগে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ঘটনার পর থেকে দুষ্কৃতকারীরা পলাতক রয়েছে। এ ব্যাপারে নৌ পুলিশ কাজ শুরু করেছে। আমরাও খোঁজখবর রাখছি।
মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আতাউর রহমান বলেন, আমরা ঘটনাটি নিয়ে তদন্ত করছি। বিস্তারিত দ্রুত জানাবো।


