মুন্সিগঞ্জের লৌহজংয়ে আগুনে পুড়েছে দুই বসতঘর: ছাই আসবাবপত্র, নিঃস্ব পরিবার
মুন্সিগঞ্জ, ৩ জুলাই ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় বসতবাড়িতে অগ্নিকাণ্ডে দুটি টিন ও কাঠের তৈরি ঘর এবং ঘরের আসবাবপত্র পুড়ে গেছে। তবে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের দ্রুত তৎপরতায় আগুন আশপাশের বাড়িগুলোতে ছড়িয়ে পড়েনি।
শুক্রবার রাতে উপজেলার কনকসার এলাকার বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, রাত ৮টা ১৫ মিনিটে লৌহজং ফায়ার স্টেশনে খবর আসে, কনকসার এলাকার বটতলায় মানিক ভবতোষ বর্মনের বসতবাড়িতে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনে সম্পূর্ণরূপে নির্বাপণ করে।
তিনি বলেন, অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুনে দুটি টিন ও কাঠের নির্মিত বসতঘর এবং ঘরের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। ভুক্তভোগীরা রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত জানালেও তা নিশ্চিত হওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
তিনি বলেন, ফায়ার সার্ভিসের সদস্যদের দ্রুত ও দক্ষ পদক্ষেপের কারণে আগুন আশপাশের আরও অনেক বসতবাড়িতে ছড়িয়ে পড়তে পারেনি। ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে এলাকা রক্ষা পেয়েছে।









