১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
বুধবার | সকাল ৬:৫৮
মুন্সিগঞ্জের চরাঞ্চল থেকে অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার
খবরটি শেয়ার করুন:
81

মুন্সিগঞ্জ সদর উপজেলায় অস্ত্র তৈরির কারখানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ।

রোববার গভীর রাতে উপজেলার চরকেওয়ার (গজারিয়া কান্দি) এলাকায় কারখানার মূল হোতা মিজানুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

মিজানুর রহমান (৩৮) চরকেওয়ার গ্রামের খোরশেদ দিদারের ছেলে।

সোমবার দুপুর দেড়টার দিকে জেলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামাদির মধ্যে রয়েছে, একটি দেশীয় তৈরি স্নাইপার রাইফেল, ২টি দেশীয় তৈরি ওয়ান শুট্যার গান, ১ রাউন্ড রাইফেলের গুলি, ৯ রাউন্ড পিস্তলের গুলি, ৪ রাউন্ড শর্টগানের গুলি, পিস্তলের ২টি গুলির খোসা, স্নাইপার রাইফেলের ২টি পাইপ, ১টি ছোরা ও চাপাতি, ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির ড্রিল মেশিন, ২টি পিস্তল সাদৃশ্য স্টীলের পাত, ৬টি আগ্নেয়াস্ত্র তৈরির স্প্রিং এবং লাগেজে ভর্তি আগ্নেয়াস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জামাদি।

সংবাদ সম্মেলনে সিনিয়র সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আসাদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্র তৈরির কারখানায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি মিজানুর রহমান পালিয়ে যায়। তার বিরুদ্ধে সদর থানায় একাধিক মামলা রয়েছে এবং পলাতক মিজানুর রহমানসহ সহযোগীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউনুচ আলীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে আরও উপস্থিত ছিলেন, পুলিশ পরিদর্শক মো. মফিজুর রহমান, পুলিশ পরিদর্শক সেলিম রেজা, এসআই রাকিবুল হাসান, এসআই মোর্শেদ আহম্মেদ, এসআই ফরহাদ হোসাইন, এসআই আব্দুস সালাম প্রমূখ।