মালয়েশিয়ায় গিয়ে ৮ মাসেই পৃথিবী ছাড়লেন মুন্সিগঞ্জের প্রবাসী, দিশেহারা অন্তঃসত্ত্বা স্ত্রী
মুন্সিগঞ্জ, ২২ অক্টোবর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
পরিবারে সচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে আট মাস আগে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার কবির শেখ (৪৪)। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। প্রবাসে কর্মস্থলে গিয়ে বুকে তীব্র ব্যথা অনুভবের পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তাঁর। স্বামীকে হারিয়ে দিশেহারা অন্তঃসত্ত্বা স্ত্রী ও এক কন্যাসন্তান।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) মালয়েশিয়ার সেরেম্বান এলাকার জাফার হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান কবির শেখ।
তিনি টংগিবাড়ী উপজেলার ধীপুর ইউনিয়নের বাড়ইপাড়া গ্রামের মীর আলী শেখের ছেলে।
স্থানীয় বাসিন্দা মো. জনি হাওলাদার জানান, বৃহস্পতিবার সকালে কর্মস্থলে যাওয়ার পর কবির শেখ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। পরে কর্মস্থলের সহকর্মীরা তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
কবির শেখের মরদেহ বাংলাদেশে আনার প্রস্তুতি চলছে। মরদেহটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।
পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরানোর আশায় আট মাস আগে দেশ ছেড়েছিলেন কবির শেখ। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবারটির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশেষ করে অন্তঃসত্ত্বা স্ত্রী ও ছোট কন্যাসন্তানকে নিয়ে উদ্বেগে রয়েছেন স্বজনেরা।








