মাদরাসার শিক্ষার্থী ও এতিমখানার শিশুদের সঙ্গে ঈদ পালন করলেন মুন্সিগঞ্জের ডিসি
মুন্সিগঞ্জ, ২৮ মে ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
পবিত্র ঈদুল আজহার আনন্দ এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ভাগ করে নিয়েছেন মুন্সিগঞ্জ জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।
বৃহস্পতিবার জেলার বিভিন্ন এতিমখানা ও শিশু পরিচর্যা প্রতিষ্ঠানে গিয়ে শিশু-কিশোরদের সঙ্গে সময় কাটান তিনি।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সকালে শ্রীনগর উপজেলার ভাগ্যকূল এলাকায় সরকারি শিশু পরিবার (বালক) পরিদর্শন করেন জেলা প্রশাসক। সেখানে শিশুদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন। পরে শিশুদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন তিনি।
এ সময় শিশুদের খোঁজখবর নেন জেলা প্রশাসক এবং তাদের সঙ্গে কিছু সময় কাটান। পরে তিনি মুন্সিগঞ্জ সদর এলাকার ‘মুন্সিগঞ্জ হাফিজিয়া দারুল উলূম মাদরাসা’ পরিদর্শন করেন।
সেখানে মাদরাসার শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহমুদুর রহমান খোন্দকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান ও শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিবুর রহমান উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, মানবিকতা, সহমর্মিতা ও ভালোবাসার চেতনা থেকে এ আয়োজন করা হয়েছে। ঈদুল আজহার ত্যাগ ও সম্প্রীতির বার্তা সবার মাঝে ছড়িয়ে দিতেই এ উদ্যোগ নেওয়া হয়।





