ঈদের দিন লাশ নিয়ে অ্যাম্বুলেন্সে ফিরছিলেন বাড়ি, পথে দুর্ঘটনায় একই পরিবারের ৬ জন আহত
1

মুন্সিগঞ্জ, ২৮ মে ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

ঢাকা থেকে স্বজনের লাশ নিয়ে অ্যাম্বুলেন্সে করে বাড়ি ফিরছিলেন তাঁরা। কিন্তু পথেই চাকা ফেটে দুর্ঘটনার মুখে পড়ে অ্যাম্বুলেন্সটি। এতে একই পরিবারের ৬ জন গুরুতর আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বেজগাঁও এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার বাসিন্দা মো. আবদুল জলিল দীর্ঘদিন ধরে কিডনিসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। ঢাকার একটি হাসপাতালের আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তিনি মারা যান। তাঁর মরদেহ নিয়ে স্বজনেরা একটি অ্যাম্বুলেন্সে করে গ্রামের বাড়ি শরীয়তপুরের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, মাওয়ামুখী অ্যাম্বুলেন্সটি বেজগাঁও এলাকায় পৌঁছালে হঠাৎ সেটির পেছনের একটি চাকা বিকট শব্দে বিস্ফোরিত (ব্লাস্ট) হয়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে অ্যাম্বুলেন্সটি এক্সপ্রেসওয়ের রেলিংয়ের সাথে সজোরে ধাক্কা খেয়ে দুমড়েমুচড়ে যায়। অ্যাম্বুলেন্সটিতে চালক ও ১০ জন যাত্রীসহ মোট ১১ জন আরোহী ছিলেন।

দুর্ঘটনায় আহতরা হলেন, পিয়ারা বেগম (৬৫), মমতাজ বেগম (৬০), জান্নাতুল ফেরদৌস (৩৮), জেসমিন (৩০), জাহেদ (১৫), মনির (৫০)।
​খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে। আহত ৬ জনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অ্যাম্বুলেন্সে থাকা বাকি ৫ আরোহী অক্ষত ও সুস্থ আছেন বলে ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে।

দুর্ঘটনাকবলিত যানটি সড়ক থেকে সরিয়ে নেওয়ায় এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ