১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সোমবার | সকাল ১০:৫১
মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে ট্রাক-সিএনজি সংঘর্ষে যাত্রী নিহত, চালককে গণপিটুনি
খবরটি শেয়ার করুন:
87

মুন্সিগঞ্জ, ১৭ মার্চ ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখানে ধলেশ্বরী নদীর ওপর নির্মিত দুই সেতুর মাঝামাঝি অংশে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার দুপুর ১ টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের চর কুন্দলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মাওয়ামুখী সার্ভিস লেনে দ্রুতগতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে সরাসরি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজির এক অজ্ঞাতপরিচয় যাত্রী নিহত হন।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় জনতা ট্রাকচালক জনিকে (৪০) আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে সিরাজদিখান ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

জানা গেছে, আটক চালক জনি ঢাকার কেরানীগঞ্জের বাসিন্দা।

হাসাড়া হাইওয়ে থানার ওসি এটিএম মাহমুদুল হক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করেছে। মরদেহ ও যানবাহনের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।