মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জে ট্রাকে বাসের ধাক্কায় প্রাণ গেছে একজনের
মুন্সিগঞ্জ, ১০ আগস্ট ২০২৫, ডেস্ক রিপোর্ট (আমার বিক্রমপুর)
ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখানে দাড়িয়ে থাকা ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় একজনের প্রাণ গেছে। এসময় আহত হন বাসে থাকা একাধিক যাত্রী।
আজ রোববার রাত সাড়ে ৯টার দিকে এক্সপ্রেসওয়ের নিমতলা রেলওয়ে স্টেশনের পাশে ঢাকামুখী লেনে এ ঘটনা ঘটে।
প্রাথমিক অবস্থায় নিহতের নাম-পরিচয় জানা যায়নি।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, থেমে থাকা একটি ট্রাকের পিছনে দ্রুতগতির হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস সজোরে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই একজন নিহত হন। এছাড়া বাসের বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা চালিয়ে আহতদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়েতে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসের গতি নিয়ন্ত্রণে না থাকার কারণে এ দুর্ঘটনা ঘটে।


