মধ্যরাতে সিপাহিপাড়া ও লঞ্চঘাটে শীতার্তদের দ্বারে দ্বারে পুলিশ সুপার
মুন্সিগঞ্জ, ১০ জানুয়ারি ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে তীব্র শীতে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম।
গতকাল শুক্রবার দিবাগত মধ্যরাতে তিনি সদর উপজেলার সিপাহিপাড়া ও লঞ্চঘাট এলাকায় ঘুরে ঘুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।
তীব্র শীত ও কুয়াশা উপেক্ষা করে গভীর রাতে রাস্তার ধারে, লঞ্চঘাটে ও বিভিন্ন স্থানে আশ্রয় নেওয়া দরিদ্র, অসহায় এবং বয়স্ক মানুষের হাতে উষ্ণতার ছোঁয়া হিসেবে এই কম্বল তুলে দেন তিনি।
হঠাৎ রাতে পুলিশ সুপারকে কাছে পেয়ে এবং উপহার হিসেবে কম্বল পেয়ে অসহায় মানুষগুলো অত্যন্ত আনন্দিত হন। তারা এই মানবিক উদ্যোগের জন্য জেলা পুলিশের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কম্বল বিতরণকালে পুলিশ সুপার জনাব মো. মেনহাজুল আলম বলেন, “তীব্র শীতে অসহায় মানুষের কষ্ট লাঘবে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। সমাজের সামর্থ্যবান সবার উচিত এই শীতে অসহায় মানুষের পাশে দাঁড়ানো। জেলা পুলিশ সব সময় মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।”
এ সময় জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. কামরান হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শীতজুড়ে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে এই ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।


